কাশ্মীরে পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে কমপক্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শনিবার সকালে ওই এলাকার একটি বনভূমিতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, শ্রীনগর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে সাতোরা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত দুই সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় কমপক্ষে চার-পাঁচজন সন্ত্রাসী বনের ভেতরে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই এলাকায় সন্ত্রাসীদের সন্ধানে অভিযান শুরু হয়েছে।
আরেক কর্মকর্তার দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। দুই পক্ষের গোলাগুলির মধ্যে ওই দুজন মারা যায়। পরে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে।
গতকাল শুক্রবার পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত সাত মাসে কাশ্মীর উপত্যকায় মোট ১০২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কাশ্মীরের প্রায় ২২০ জন সক্রিয় সন্ত্রাসীর ৫০ শতাংশ পাকিস্তানি নাগরিক। গত পাঁচ মাসে অনুপ্রবেশের হার বেড়েছে।