কাশ্মীরে পুলিশের গুলিতে ৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপনির্বাচন চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে বিক্ষোভকারীরা। ছবিটি আজ রোববার কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স
উপনির্বাচন চলাকালে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারছে বিক্ষোভকারীরা। ছবিটি আজ রোববার কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচন নিয়ে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে ছয়জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ডন ডট কমের প্রতিবেদনে বলা হয়, আজ রোববার কাশ্মীরের শ্রীনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বুদগ্রাম জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা আগে থেকেই কাশ্মীরের এ উপনির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এ কারণে ভোটার কম থাকলেও ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আজ ভোট গ্রহণ শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে বুদগ্রাম জেলায় বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। পরে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আরও ২৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের সময় বেশ কিছু ভোটকেন্দ্রের ভোটিং মেশিনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ কারণে ৭০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

ভারতের লোকসভার শূন্য আসনের জন্য কাশ্মীরের শ্রীনগরে এ উপনির্বাচন আয়োজন করা হয়। বুধবার কাশ্মীরের অনন্তনাগে আরও একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ফল ঘোষিত হবে।