কাশ্মীরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

কাশ্মীরের শ্রীনগরে টহলরত ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

কাশ্মীর পুলিশ জানায়, কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কথিত এই বন্দুকযুদ্ধে নিহত ছয়জনকে ‘সন্ত্রাসী’ বলছে পুলিশ।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান কর্মকর্তারা। এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক।

পুলিশ জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাঁদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কর্মকর্তারা বলছেন, অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনার পরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগামের মীরহামা গ্রামে নিরাপত্তা অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করে।

কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায়। পরে তারা এই অভিযানে আরও দুজন নিহত হওয়ার তথ্য দেয়।

তবে আজ সকালে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

কাশ্মীর পুলিশের টুইটে আরও বলা হয়, নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।