কাশ্মীরে ফের সংঘর্ষ, ২ ভারতীয় সেনা ও ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে দেশটির সেনাসদস্য ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গতকাল রোববার সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন সেনাসদস্য এবং চারজন বিচ্ছিন্নতাবাদী বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
ভারতীয় পুলিশের উপমহাপরিদর্শক এস পি পানি বলেন, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণাঞ্চলে একটি গ্রামে সেনাসদস্যদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। সেনাসদস্যরাও পাল্টা হামলা চালায়। এ সময় গোলাগুলিতে দুজন সেনাসদস্য, চারজন বিচ্ছিন্নতাবাদী এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয়েছে তিন সেনাসদস্য।
স্থানীয় সেনা কর্মকর্তারা জানান, শ্রীনগরের কেন্দ্রস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে ওই এলাকা। পুলিশের মাধ্যমে খবর পাওয়া যায়, সেখানে জঙ্গিরা লুকিয়ে আছে। গতকাল সকালে পুরো গ্রাম ঘিরে ফেলে সেনাসদস্যরা। এ সময় একটি বাড়ি থেকে অতর্কিত হামলা চালানো হয়। বন্দুকযুদ্ধের পর ভবন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় আরও তিন জঙ্গি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জুলাইতে ভারতশাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানি ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর গোটা উপত্যকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শ খানেক লোক নিহত হয়েছে। অন্ধ হয়েছে বহু বাসিন্দা।
এরপর ভারতীয় উরি সেনাছাউনিতে হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত হয়। প্রতিক্রিয়ায় পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংঘর্ষ লেগেই আছে।