কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এবার হামলা হয়েছে রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে পামপোর শহরের একটি সরকারি ভবনে। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ হামলা হয়। এতে এক ভারতীয় সেনা আহত হয়েছেন। হামলার পরপরই সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে ফেলেন। সেই সঙ্গে গুলিবিনিময়ের পর ভবনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে শুরু হয় তল্লাশি অভিযান।
পুলিশ বলেছে, হামলা চালালেও সন্ত্রাসীরা কাউকে জিম্মি করেনি বলে নিশ্চিত হওয়া গেছে। সকালে পামপোরের এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ইডিআই) ক্যাম্পাসে ঢুকে আচমকা গুলি করতে শুরু করে তারা। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় সেনারা। ভারতীয় সেনাদের ধারণা, গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই থেকে তিনজন সন্ত্রাসী ক্যাম্পাসের ভেতরে লুকিয়ে ছিল। তাদের খোঁজে তল্লাশি চলছিল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই ভবনে হামলা চালায় জঙ্গিরা। টানা ৪৮ ঘণ্টা গুলিবিনিময় চলে সেনা ও জঙ্গিদের মধ্যে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাঁচ সেনাসদস্য ও এক বেসামরিক লোকের মৃত্যু হয়। মারা পড়ে তিনজন জঙ্গিও।
গতকালের হামলার পরপরই সেনাবাহিনীর বিশেষ বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশের সন্ত্রাস দমন ইউনিট ইডিআই ভবনটি ঘিরে ফেলে। সূত্র বলছে, সন্ত্রাসীরা পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর থেকে নৌকায় করে ঝিলম নদী পার হয়ে এসেছে। শ্রীনগরের সীমানা ঘেঁষে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করে তারা ইডিআই ক্যাম্পাসে হামলা চালায়। পুলিশ বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রলুব্ধ করতে সন্ত্রাসীরা প্রথমে ইডিআইয়ের হোস্টেল ভবনে অগ্নিসংযোগ করে। সেনারা সেখানে পৌঁছালে গুলি শুরু করে হামলাকারীরা।
ইডিআই ক্যাম্পাসে অভিযান পরিচালনার দায়িত্বে থাকা এক সেনা কর্মকর্তা বলেছেন, ‘যত দ্রুত সম্ভব সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
এর আগে ২ অক্টোবর শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লাহ শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বিএসএফের এক সদস্য নিহত ও একজন আহত হন। জম্মু ও কাশ্মীরের পুলিশ সে সময় জানায়, বারামুল্লাহতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে গত রাতে হামলা চালায় চার সন্ত্রাসী। তবে গত এক মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর উরির সেনাছাউনিতে। এ হামলায় ভারতীয় ১৯ জন সেনাসদস্য নিহত হন। এ ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটে।
গত জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী হিজবুল মুজাহিদিনের তরুণ নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর। এরপর থেকে বিভিন্ন বিক্ষোভ ও সন্ত্রাসী হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে এখানে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হাজারের বেশি মানুষ।
১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মীর নিয়ে। এ ছাড়া কাশ্মীরে বিভিন্ন সময়ে ভারতবিরোধী বিক্ষোভ নিয়েও কম উদ্বেগের সৃষ্টি হয়নি। তবে সম্প্রতি এই অঞ্চল যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, তা অত্যন্ত উদ্বেগের। নাম প্রকাশ না করার শর্তে কাশ্মীর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গত দুই দশকের মধ্যে এবারই প্রথম এ রাজ্যে ব্যাপক অভিযান পরিচালনা করছে ভারতীয় বাহিনী। গত গ্রীষ্মে বিক্ষোভ দমন করতে গিয়ে আট হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সমালোচক ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৫০ বা তার কাছাকাছিসংখ্যকই সাধারণ মানুষ। বিচার শুরুর আগেই তাদের কারাগারে কাটাতে হচ্ছে ছয় মাস বা তার বেশি সময়, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পুরোপুরি লঙ্ঘন।