কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৪
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে তিন ভারতীয় সেনা ও সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বান্দিপোরা জেলার হাজিন এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ সেনাসদস্য।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে একজন সাধারণ নাগরিকও আহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন এসপি বলেন, বান্দিপোরার একটি আবাসিক এলাকায় জঙ্গিদের গ্রেপ্তারে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ সময় জঙ্গিরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, এ ঘটনায় নয়জন সেনাসদস্য আহত হয়। তাদের সেনা হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। এই অভিযানে একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
এর এক দিন আগে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে চার জঙ্গি, দুই সেনাসদস্য ও দুজন সাধারণ নাগরিক নিহত হয়।