ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই বেসামরিক লোক। হান্দওয়ারা এলাকায় সেনাসদস্যের হাতে এক স্কুলছাত্রী লাঞ্ছিত হওয়ার অভিযোগে সেখানে চলা বিক্ষোভকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মঙ্গলবার বিক্ষোভকারীদের হটাতে গুলি ছুড়লে দুই পুরুষ ও এক নারী প্রাণ হারান। এরপর গতকাল বুধবার হান্দওয়ারার পার্শ্ববর্তী এক এলাকায় চলা আরেক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল লেগে মারা যায় এক কিশোর। গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয় তার।
এনডিটিভি জানায়, বিক্ষোভের মুখে সেনা কর্তৃপক্ষ গতকাল একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ঘটনার শিকার স্কুলছাত্রী মেয়েটিকে বলতে দেখা যায়, স্কুল শেষে শৌচাগারে যাওয়ার সময় একটি ছেলে ব্যাগ ধরে টান দেয় এবং তাকে লাঞ্ছিত করে। ভিডিওটি মোবাইল ফোনে তোলা। সেনা কর্তৃপক্ষ বলেছে, এটি কে ধারণ করেছে তা তারা জানে না।
মঙ্গলবারের ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিক্ষোভকারীদের মিছিলটি বাংকার ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলি করেন সেনাসদস্যরা।
বিক্ষোভে নিহত হওয়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।