পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ৩ জন পাকিস্তানি সেনাসদস্য ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। গতকাল বুধবার ভারতীয় বাহিনীর ছোড়া গোলা একটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন স্থানে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ভারতীয় গণমাধ্যমও এই হামলার কথা স্বীকার করেছে। তবে সেখানকার প্রতিবেদনে হতাহতের কোনো উল্লেখ নেই। ভারতীয় সেনাবাহিনীও হতাহত নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় বাহিনী অতর্কিত হামলার পর গোলাগুলিতে তিনজন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন।
নিয়ন্ত্রণরেখা পার হয়ে পাকিস্তানি সেনারা ভারতের তিন সেনাকে হত্যার অভিযোগের এক দিন পর এই হামলা চালাল ভারতীয় বাহিনী। ওই হামলায় নিহত এক ভারতীয় সেনার শিরশ্ছেদ করা হয়েছিল। ওই হামলার পর ‘কড়া প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতীয় বাহিনী।
নিয়ন্ত্রণরেখার (এলওসি) পাকিস্তান অংশের লাওয়াত শহরের পুলিশ কর্মকর্তা জামিল মির বলেন, ভারতীয় বাহিনী ভারী ও হালকা অস্ত্র দিয়ে হামলা চালায় রাত তিনটা থেকে। এতে একটি যাত্রীবাহী গাড়ি বিধ্বস্ত হয়ে নয়জন বেসামরিক নাগরিক মারা যান। ওই গাড়িটি মোজাফ্ফরাবাদ যাচ্ছিল। গাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ গাড়িতে এখনো পাঁচটি লাশ পড়ে আছে।
অন্য আরেক ঘটনায় ভারতীয় বাহিনীর ছোড়া গোলায় এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন।
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্কে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। এলওসিতে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। মারা যাচ্ছেন উভয় পক্ষের সেনাসদস্য ও বেসামরিক নাগরিকেরা।
মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাকিস্তানি সেনাদের হাতে তিনজন ভারতীয় সেনা নিহত হওয়ার অভিযোগ করে ভারত। সর্বশেষ এই ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়ে গেছে। তিন সেনা হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ভারত।
প্রায় তিন সপ্তাহ আগে একই সেক্টরে ভারতের আরেক সেনা শিরশ্ছেদের শিকার হন। ওই ঘটনার জন্যও পাকিস্তানকে দায়ী করে ভারত।
ভারতের ভাষ্য, মাচিল সেক্টরে টহল দিচ্ছিলেন ভারতীয় সেনারা। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের ওপর হামলা চালান।