কাশ্মীরে কেন্দ্রের শাসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী নয়াদিল্লির দশা হতে চলেছে ভূস্বর্গ কাশ্মীরের। কোনো রাজনৈতিক দলই সরকার গঠন নিশ্চিত করতে না পারায় জম্মু-কাশ্মীরে কেন্দ্রের শাসন (কেন্দ্রীয় শাসন) জারি হতে চলেছে। রাজ্যপাল এন এন ভোরা গত বৃহস্পতিবার এই সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান। কেন্দ্রীয় মন্ত্রিসভা তা অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল সরকার গঠনে এগিয়ে এলে কেন্দ্রের শাসন প্রত্যাহার করে নেওয়া হবে।
এই রাজ্যে নতুন সরকার গঠনের শেষ তারিখ ১৯ জানুয়ারি। এর ১০ দিন আগে কেন্দ্রীয় শাসনের জন্য রাজ্যপালের সুপারিশ করার কারণ প্রধানত দুটি। প্রথমত, কোনো দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি। সরকার গড়তে দুই বা ততোধিক দলের মধ্যে আলোচনা চললেও ফলপ্রসূ কিছু হয়নি। নিকট ভবিষ্যতে তার সম্ভাবনাও কম বলে রাজ্যপালের ধারণা। দ্বিতীয় কারণ, তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে বিদায়ী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অনীহা। ওমর নিজে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। পরে তিনি নিজেই টুইট করে জানান, পাকিস্তানের গোলাগুলিতে সীমান্তের ১০ হাজার মানুষ ঘরছাড়া। তারা শরণার্থীশিবিরে রয়েছে। বন্যাদুর্গতরাও এখনো ঘরে ফিরতে পারেনি। এদের ত্রাণের জন্য পূর্ণ সময়ের প্রশাসক দরকার, সাময়িক প্রশাসক নয়। দায়িত্ব নিতে ওমর অস্বীকার করায় এবং কোনো ধরনের জোট সরকার গঠনের আশু সম্ভাবনা না থাকায় রাজ্যপাল তাঁর প্রতিবেদনে কেন্দ্রীয় শাসনের সুপারিশ করেন।
পিডিপি-বিজেপির সঙ্গে আলাদা আলাদা আলোচনা সত্ত্বেও কেন সরকার গঠনে অগ্রগতি হচ্ছে না? কারণ, দুই দলই একে অন্যের সঙ্গে হাত মেলাতে ভয় পাচ্ছে। বিজেপির ভয় দিল্লির ভোট নিয়ে। পিডিপির দাবি মেনে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের দাবি থেকে পিছিয়ে এলে কিংবা সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন প্রত্যাহারে রাজি হলে দিল্লিতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে বিজেপির আশঙ্কা। দলের শীর্ষ নেতারা মনে করছেন, দিল্লির লড়াই এমনিতে খুবই কঠিন। তার ওপর এত বছরের পুরোনো অবস্থান থেকে সরে এলে বিরোধীরা তাদের নীতি নিয়েই প্রশ্ন তুলবে, যার জবাব দেওয়া তাদের পক্ষে কঠিন হবে। অন্যদিকে পিডিপিও মনে করছে, বিজেপির সঙ্গে হাত মেলালে তাদের পক্ষেও দল অটুট রাখা মুশকিল হবে। বিচ্ছিন্নতাবাদীরা নতুন উদ্যমে মাথাচাড়া দিতে পারে। ফলে দুই দলই আপাতত ধীরে চলো নীতি নিয়েছে।
বিজেপি সূত্রের মতে, ফেব্রুয়ারিতে দিল্লির ভোট শেষ হয়ে গেলে জম্মু-কাশ্মীর নিয়ে নতুন করে ভাবনা শুরু হবে। জম্মু-কাশ্মীরের জন্য তারা দিল্লি হারাতে রাজি নয়।