কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধ, পুলিশসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণে গতকাল শনিবার রাতভর পুলিশ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুজন বিচ্ছিন্নতাবাদী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য, ত্রাল শহরের শিকারঘা এলাকার আবাসিক একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্যরা আশ্রয় নিয়েছে—পুলিশের কাছে এমন খবর ছিল। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখানে রাতভর গোলাগুলির শব্দ পাওয়া যায়। সকাল পর্যন্ত থেমে থেমে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়ে। তারা দেয়ালঘেরা ওই বাড়িটিকে বাংকার হিসেবে ব্যবহার করে। তবে পুলিশ বাড়িটিকে গুঁড়িয়ে দিয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মনজুর আহমেদ।

অভিযান পরিচালনাকারী পুলিশ দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘আমরা এ ঘটনায় এক পুলিশ সদস্যকে হারিয়েছি। তিনি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের প্রতিহত করতে বীরের মতো লড়ে গেছেন। এটি চরম সাহসিকতার দৃষ্টান্ত।’

নিহত দুই বিচ্ছিন্নতাবাদীর একজন কাশ্মীরি জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানির ঘনিষ্ঠ ছিলেন।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধ চলাকালে বিচ্ছিন্নতাবাদীরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্যের রাইফেল ছিনিয়ে নেয়।