ভারতশাসিত কাশ্মীরে গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী ও এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। খবর এএফপির।
পুলিশের ভাষ্যমতে, কাশ্মীরের সবচেয়ে বড় শহর শ্রীনগর থেকে ২২ মাইল দক্ষিণের নাইনা গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছেন বলে গোপন সংবাদ পায় তারা। এর ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ ও সেনা সদস্যরা গ্রামটি ঘিরে ফেললে শুরু হয় বন্দুকযুদ্ধ।
স্থানীয় পুলিশের উপমহাপরিচালক নিতীশ কুমার বলেন, ‘রাতের এনকাউন্টারে এক জঙ্গি নিহত হন’। পরে সন্দেহভাজন জঙ্গির হত্যায় ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। পাল্টা জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ও গুলি ছুড়লে এক বিক্ষোভকারী নিহত ও আরও দুজন আহত হন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমরা স্বাধীনতা চাই’ এবং ‘ভারত চলে যাও’সহ বিভিন্ন স্লোগান দেন। পুলিশের একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেন তাঁরা।
১৯৮৯ সাল থেকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিদ্রোহীরা স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে সংগ্রাম করে আসছেন। তখন থেকে সহিংস আন্দোলন ও সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে সেখানে ৬৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।