কাশ্মীরে সম্পাদক হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে ‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারিকে তাঁর কার্যালয়ের বাইরে গুলি করে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া জুবায়ের কাইয়ুমকে ঘটনাস্থলে অস্ত্র হাতে দেখা গেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের দাবি হত্যাকাণ্ডের আগে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে জুবায়েরকে দেখা গেছে। তিনি গাড়িতে গুলিবিদ্ধ সুজাত বুখারির লাশ দেখছিলেন। ফুটেজে আরও দেখা যায়, অন্য এক ব্যক্তি গাড়ি থেকে লাশ বের করার পর একটি পিস্তল হাতে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন জুবায়ের। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ওই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে একটি ইফতারের অনুষ্ঠানে যাওয়ার জন্য অফিস থেকে বের হন সুজাত বুখারি। তখন সন্ত্রাসীরা তাঁকে গাড়ি ভেতরে গুলি করে হত্যা করে। এ সময় তাঁর সঙ্গে গাড়ির চালক ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরাও আহত হন।
পুলিশের সন্দেহ হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার হয়ে এই হামলা চালিয়েছেন।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক এস পি পানি বলেন, ঘটনাস্থল উপস্থিত থাকা নিয়ে জুয়াবের কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি কোনো সুদুত্তর দিতে পারেননি।
জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কাভিন্দার গুপ্তা বলেন, এটা পরিকল্পিত হামলা ছিল। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এমন হামলা চালানো সম্ভব নয়।
হামলার পর বৃহস্পতিবার রাতে পুলিশ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায়, তিন হামলাকারী একটি মোটরবাইকে করে যাচ্ছে। চালক এবং শেষে বসা যাত্রী মাথায় হেলমেট ছিল। মাঝে বসা লোকটির হাতে সম্ভবত অস্ত্র ছিল। তার চেহারা আড়াল করে রেখেছিলেন পেছনে বসা ব্যক্তিটি।