কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের সাম্প্রতিক অচলাবস্থা কীভাবে কাটতে পারে, সর্বদলীয় প্রতিনিধিরা তার কোনো হদিসই পেলেন না। দুদিনের সফরে আসা সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতারা দেখাই করলেন না। তাঁরা জানিয়ে দিলেন, এই সফর লোকদেখানো ও ছবি তোলার অবকাশ ছাড়া অন্য কিছু নয়। এতে বিরক্ত ও ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বললেন, হুরিয়ত নেতারা যা করলেন তা ‘কাশ্মীরিয়ৎ বা ইনসানিয়াৎ কোনোটাই নয়।’

দুই মাস ধরে অশান্ত উপত্যকায় শান্তি ফেরানোর উদ্যোগ হিসেবে এই সর্বদলীয় প্রতিনিধিদলের সফরের নেতৃত্ব দেন রাজনাথ সিং। প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন পেশার প্রায় তিন শ মানুষের সঙ্গে কথা বললেও বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে কথা বলতে পারেননি। সরকারিভাবে আলোচনার জন্য তাঁদের আমন্ত্রণ জানানো না হলেও বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা, জনতা দল (সংযুক্ত) নেতা শরদ যাদব ও আরজেডি নেতা জয়প্রকাশ নারায়ণ নিজেদের উদ্যোগে কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে দেখা করতে যান। গৃহবন্দী প্রবীণ সৈয়দ আলি শাহ গিলানি এই নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। তিনি আগেই বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধানের কোনো ক্ষমতাই এঁদের নেই। এই সফর লোকদেখানো ও ছবি তোলার অবকাশ।

এই নেতারা জেকেএলএফ নেতা ইয়াসিন মালিকের সঙ্গেও দেখা করতে জেলখানায় যান। ইয়াসিন মালিক তাঁদের বলেন, দিল্লি এসে তিনি কথা বলবেন। হুরিয়ত চেয়ারম্যান আবদুল গনি বাটের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন। কিন্তু বাটও তাঁদের নিরাশ করেন। বাট এই নেতাদের বলেন, তাঁদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে কথা না হলে সমাধানের কোনো সম্ভাবনা নেই।

প্রতিনিধিদলকে উপত্যকার মানুষ আদৌ গুরুত্ব দেয়নি। সফর চলাকালীন হিংসাও অব্যাহত ছিল। দক্ষিণ কাশ্মীরে, যা মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপির গড় বলে পরিচিত। এই সফরের সময়েই মেহবুবা হুরিয়ত নেতাদের আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন। বিজেপির পক্ষে তা যথেষ্ট বিড়ম্বনার। রাজনাথ সিংকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানান, পিডিপির নেতা হিসেবেই এই আমন্ত্রণ, মুখ্যমন্ত্রী হিসেবে নয়।

বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ‘ইনসানিয়াৎ’ বা মানবিক দৃষ্টির নিরিখে কাশ্মীর সমস্যার সমাধানের কথা বলেছিলেন। রাজনাথ তারই সূত্র ধরে গতকাল সোমবার বলেন, হুরিয়ত নেতারা যে আচরণ করলেন তা ইনসানিয়াৎ বা কাশ্মীরিয়ৎ কোনোটাই নয়। তিনি বলেন, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার সবার সঙ্গে কথা বলতে রাজি। সরকারের দরজা খোলা।