কাশ্মীরে সর্বস্তরের সঙ্গে আলোচনার তাগিদ
কাশ্মীর ঘুরে আসা সর্বদলীয় প্রতিনিধিদল সরকারকে জানিয়ে দিল, পরিস্থিতির উন্নতিতে জম্মু-কাশ্মীরের সব মানুষের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে হবে। তবে দেখতে হবে, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে কোনো সমঝোতা যেন করা না হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ২৬ জনের এক প্রতিনিধিদল সম্প্রতি দুই দিনের জন্য জম্মু-কাশ্মীর সফর করে। দিল্লিতে ফিরে আসার পর গতকাল বুধবার সেই প্রতিনিধিরা আলোচনায় বসেন সরকারের সঙ্গে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদীয় মন্ত্রী অনন্তকুমার ও প্রধানমন্ত্রীর দপ্তরবিষয়কমন্ত্রী জিতেন্দ্র সিং। প্রতিনিধিরা বৈঠকে বলেন, উপদ্রুত এই রাজ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িত, সেই সব মানুষের সঙ্গে অবিলম্বে সরকারের উচিত আলোচনায় বসা, যাতে অশান্ত রাজ্যে দ্রুত শান্তি ফিরে আসে। বৈঠকে এ নিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাবও গৃহীত হয়।
রাজ্যের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত কি না, সে বিষয়ে নির্দিষ্টভাবে প্রস্তাবে কিছু বলা হয়নি। তবে বৈঠক শেষে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘আমরা মনে করি সরকারের উচিত, সবার সঙ্গেই কথা বলা। এই উদ্দেশ্যেই আমরা উপত্যকায় গিয়ে সব হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সৈয়দ আলী শাহ গিলানি আমাদের সঙ্গে দেখা না করলেও অন্য নেতারা দেখা করেছেন, যদিও কোনো আলোচনায় তাঁরা রাজি হননি।’ ইয়েচুরি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে আমরা সবার সঙ্গে কথা বলতে আগ্রহী।’
হুরিয়াত নেতাদের সঙ্গে কথা বলতে সরকার রাজি কি না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বৈঠকে কিছু বলেননি। ফলে সংগত কারণেই প্রশ্ন উঠছে, সরকার এই কথাবার্তায় রাজি কি না। সরকারের মুশকিল হলো, হুরিয়াত প্রশ্নেই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ভেস্তে দেওয়া হয়েছিল। এখন তাদের সঙ্গে আলোচনায় বসলে এটাই প্রমাণ হবে হুরিয়াত নিয়ে সরকারের আগের সিদ্ধান্ত ভুল ছিল। হুরিয়াত নেতাদের বিরুদ্ধে সরকার আরও কঠোর হতে চলেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, রাজনাথ সিং তা অস্বীকার করেন। তিনি বলেন, ওই খবরের সত্যতা তাঁর জানা নেই। পাসপোর্ট বাতিল বা নিরাপত্তারক্ষী প্রত্যাহারের মতো কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।
বৈঠকে বলা হয়, সরকারের প্রথম কাজ হওয়া উচিত স্কুল-কলেজ, হাসপাতাল ও সরকারি অফিস খোলার চেষ্টা করা। এ জন্য আস্থা বাড়ানোর চেষ্টা চালাতে হবে। নেতারা বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার সুবন্দোবস্ত করা ওই আস্থা বাড়ানোর কাজে সহায়ক হবে।
সর্বদলীয় নেতারা কেউই এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেননি। নেতারা বলেন, রাজ্য সরকারের ওপর আস্থা রাখা হোক। পরিস্থিতির উন্নতিতে যা কিছু প্রয়োজন, কেন্দ্র তা রাজ্যকে দিক।
দুই মাস ধরে কাশ্মীর অশান্ত। সহিংসতায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এখনো সেখানে প্রতিদিন হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। প্রশাসন পঙ্গু। গ্রামাঞ্চলেও ভারতবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে।