কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা, নিহত ৭
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি সেনাক্যাম্পে আজ মঙ্গলবার ভোরে সন্ত্রাসী হামলায় দুই ভারতীয় সেনা কর্মকর্তা ও পাঁচজন সেনাসদস্য নিহত হয়েছেন। পরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়। এ সময় দুই নারী, দুই শিশু ও ১২ জন সেনাসদস্যকে উদ্ধার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে জম্মু জেলার নাগ্রোতা এলাকায় একটি সেনাক্যাম্পে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা। সেই সঙ্গে গুলিও চালায় তারা। হামলার পর সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এলাকাটি জম্মু শহর থেকে ২০ কিলোমিটার দূরে। নাগ্রোতা ভারতীয় সেনাবাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়।
এনডিটিভির এক খবরে বলা হয়, আজ জম্মু ও কাশ্মীরের সামবা সেক্টরের রামগড়ে আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানেও এখন লড়াই অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ হামলার পর ২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করে ভারত। ঘটনার পর দুই দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। সীমান্তে বিচ্ছিন্নভাবে গুলিবিনিময়ের একাধিক ঘটনা ঘটে।