কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, সেনাসহ নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গি হামলায় সাত সেনা ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে কাশ্মীরে ১২ ঘণ্টায় তিন দফায় হামলা হয়। গোলাগুলিতে হামলাকারীদের মধ্যেও তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও সেনাসূত্রে জানা গেছে। খবর এএফপি ও রয়টার্সের।
ভারত ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি উরি সেনাশিবিরে ভারতীয় বাহিনীর সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলি হয়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে তিনি এএফপির কাছে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
হিমালয় এলাকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরে চলমান মাসব্যাপী বিধানসভা নির্বাচনের মধ্যে সম্প্রতি তিনবার বড় ধরনের জঙ্গি হামলা হলো। চলতি সপ্তাহেই সেনাক্যাম্পে আরেক হামলায় এক ভারতীয় সেনা ও ছয় জঙ্গি নিহত হয়েছিলেন।
নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সোমবার কাশ্মীর সফরে যাওয়ার কথা রয়েছে। তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কাশ্মীরের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাচ্ছে। তবে হিন্দু জাতীয়তাবাদী দলটির শক্ত কোনো ভিত্তি কাশ্মীর উপত্যকায় নেই।