কাশ্মীরে সেনাশিবিরে হামলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার একটি সেনাশিবিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। পরে বাইরে বিক্ষোভকারীদের ওপর সেনাসদস্যরা গুলি চালালে এক বেসামরিক ব্যক্তি প্রাণ হারান।
ভারত-পাকিস্তানের মধ্যবর্তী নিয়ন্ত্রণরেখার কাছে কুপওয়ারা জেলার ওই সেনাশিবিরে গতকাল ভোরের আগে বিচ্ছিন্নতাবাদীরা হামলা করে। সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, হামলাকারীদের দুজন সেনা অভিযানে নিহত হয়েছে।
পুলিশ বলছে, গতকাল বিক্ষোভকারীরা একটি সামরিক জিপে পাথর ছুড়তে শুরু করলে জবাবে সেনারা গুলিবর্ষণ করে। এ সময় একজন আহত হন।
আঞ্চলিক পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, ব্যাপক সহিংস বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়েছিল।
ভারতীয় সেনারা গত বছরের জুলাইয়ে জনপ্রিয় তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানিকে হত্যা করলে রাজ্যটিতে নতুন অস্থিরতার পর্ব শুরু হয়। সেই থেকে সেখানে থেমে থেমে সহিংস বিক্ষোভ চলছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পুলিশ, আধা সামরিক বাহিনী ও সেনাসদস্যদের সংঘাতের ঘটনাও বেড়েছে।