কাশ্মীরে স্থানীয় ও বাইরের ছাত্রদের মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতার অভিযোগে ভারতশাসিত জম্মু-কাশ্মীর রাজ্যের শ্রীনগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) অন্য রাজ্যগুলোর ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা নির্মল সিংয়ের আশ্বাস সত্ত্বেও তাঁরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেন।
গোলমালের শুরু সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারকে কেন্দ্র করে। এনআইটিতে কাশ্মীরের স্থানীয় ছাত্ররা ভারতের হারে উল্লসিত হয়ে বাজি পোড়াতে থাকেন। দেশের অন্য প্রদেশের ছাত্ররা এর প্রতিবাদ জানান। এ সময় তাঁরা ‘ভারত মাতা কি জয়’, ‘ভারত জিন্দাবাদ’ স্লোগান দেন। অভিযোগ, ইনস্টিটিউটের বাইরে মিছিল করতে গেলে স্থানীয় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। স্থানীয় ছাত্ররা স্বাধীন কাশ্মীর ও পাকিস্তানপন্থী স্লোগান দেন। বেড়ে যায় রেষারেষি।
ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের অধিবাসীদের অনেকের মধ্যে ভারতের শাসনের বিরুদ্ধে অসন্তোষ আছে।
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সরকারের এটাই প্রথম চ্যালেঞ্জ। উপমুখ্যমন্ত্রী নির্মল সিং গতকাল জানান, গোটা ঘটনার তদন্তে তিন সদস্যের এক প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা অবশ্য এই আশ্বাসে শান্ত হতে গররাজি। বিক্ষোভকারী ছাত্রদের দাবি, পরীক্ষা স্থগিত রেখে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। তারপর অন্য কোথাও পরীক্ষার ব্যবস্থা করা হোক। শ্রীনগরে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।