কাশ্মীরে হামলার পর 'পাকিস্তানি জঙ্গি' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বহরে হামলার পর গতকাল নিরাপত্তা বাহিনীর কাছে ধরা পড়েছে এক জঙ্গি। ওই জঙ্গি পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে ভারত। খবর রয়টার্স ও এনডিটিভির।
জম্মুর উধমপুরে বিএসএফের একটি বহরে হামলা চালিয়ে দুই বিএসএফ সদস্যকে হত্যা করে ওই জঙ্গিরা। হামলায় আহত হয় আটজন। এরপর দৌড়ে জঙ্গিরা গ্রামের ভেতরে ঢুকে তিনজন গ্রামবাসীকে জিম্মি করে ফেলে। এরপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে হামলা চালায়। সেনাদের গুলিতে দুই জঙ্গি নিহত হয়। ওসমান (২২) নামের একজন ধরা পড়ে।
রাজ্য পুলিশের মহাপরিদর্শক দানিশ রানা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান বলেছে, সে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। ওরা কোন পথে ভারতে ঢুকেছে, কী তাদের উদ্দেশ্য ছিল—এসব বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করছি।’
এ ঘটনার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহেই ভারতের পাঞ্জাবে এক সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়। ওই হামলাকারীরাও পাকিস্তান থেকে এসেছিল বলে অভিযোগ করেছে ভারত।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করার জন্য পাকিস্তানকে দীর্ঘদিন থেকেই দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তানের দাবি, তারা কাশ্মীরের মানুষকে আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে কেবল নৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা দিয়ে থাকে।
হামলার সময় হাতেনাতে জঙ্গিকে ধরে ফেলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারতের একটি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এ এস দুলাত। তিনি বলেন, ‘হামলাকারীরা কারা সেটি জানা এখন জরুরি।’
এ ঘটনার পর পাকিস্তানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।