কাশ্মীরে হামলায় আট পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শনিবার ভোরে জেলার একটি পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে পুলিশের আট সদস্য নিহত হয়েছেন। পরে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই হামলাকারী। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় পালওয়ামা জেলায় এই হামলা চালানো হয়।

পুলিশের মহাপরিদর্শক মুনির আহমেদ বলেছেন, ভোরে বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ সদর দপ্তরে ঢুকে পড়ার সময় গ্রেনেড হামলা করে এবং রাইফেল থেকে গুলি চালায়। গোলাগুলি অব্যাহত আছে সদর দপ্তরে। সেখানে কয়েক শ পুলিশ সদস্য পরিবার নিয়ে বাস করেন। হামলাকারী কয়জন, তা-ও স্পষ্ট নয়। পুলিশ সদস্যদের পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে লোকজন সংঘবদ্ধ হয়ে নেমে ভারতবিরোধী বিক্ষোভ না করতে পারে। তবে বিভিন্ন স্থানে ভারতবিরোধী বিক্ষোভ লক্ষ্য করা গেছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেখা গেছে, যখনই কোনো অভিযানে উগ্রবাদীদের ঘেরাও করে ফেলে নিরাপত্তা বাহিনী, তখনই স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।