কাশ্মীরেই থাকছে এনআইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) শ্রীনগর থেকে সরানো হবে না। আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদলকে আজ শনিবার এই কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং, রাজ্যের শিক্ষামন্ত্রী নঈম আখতার ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

বৈঠকে ছাত্র প্রতিনিধিদের বলা হয়েছে, তাঁদের অন্যান্য ন্যায্য দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এ নিয়ে আগামী সোমবার আরও একবার বৈঠক হবে।

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে এনআইটি চত্বরে যে উত্তেজনা দেখা দেয়, তার পর থেকেই এই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজকর্ম প্রায় বন্ধ।

এনআইটির কাশ্মীরি শিক্ষার্থীরা ভারতের পরাজয়ে বাজি পুড়িয়ে এবং পাকিস্তানি পতাকা তুলে আনন্দ করতে থাকায় অকাশ্মীরি শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এই উত্তেজনাকে ঘিরে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। এর পর থেকেই প্রায় দেড় হাজার অকাশ্মীরি ছাত্রছাত্রী প্রতিষ্ঠানটির শ্রীনগর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি জানাতে থাকেন। পরীক্ষা স্থগিতের দাবিও ওঠে। আজ শনিবার সেই অচলাবস্থার অবসানে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়। তাঁদের বলা হয়েছে, পরীক্ষা পেছাবে না। সোমবারই শুরু হবে। তবে যারা বাড়ি যেতে চান, তাঁদের জন্য সেই বন্দোবস্ত করা হবে। তাঁদের পরীক্ষা পরে নেওয়া হবে।

সরকার থেকে অবশ্য বলা হয়েছে, প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের থাকা-খাওয়ার উন্নতির দিকে নজর দেওয়া হবে। ক্যাম্পাসের ভেতর ও বাইরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই এই ক্যাম্পাস অন্যত্র নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। আন্দোলনকারীদের বলা হয়, উপত্যকায় জঙ্গিবাদ যখন তুঙ্গে, তখনো এনআইটিতে তার কোনো প্রভাব পড়েনি। কাশ্মীরের ভেতর ও বাইরের সবাই সব সময় মিলেমিশে থেকেছে। কাশ্মীরের বিধ্বংসী বন্যার সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাত মিলিয়ে বন্যা ত্রাণে অংশ নিয়েছিলেন।