কাশ্মীরের বৈধ প্রত্যাশায় ছাড় দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, তাঁর দেশ ভারতের সঙ্গে বরাবরই স্বাভাবিক ও সহযোগিতার সম্পর্ক চায়। তবে কাশ্মীরের ব্যাপারে ছাড় দিয়ে নয়। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার নয়াদিল্লি মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুল বাসিত এ কথা বলেন। খবর ডন-এর।
হাইকমিশনার আবদুল বাসিত বলেন, সুফল পেতে যত সময়ই লাগুক, কাশ্মীরের বৈধ আশা-আকাঙ্ক্ষার দাবি পরিত্যাগ করবে না ইসলামাবাদ। পাকিস্তান সব সময়ই ভারতের সঙ্গে স্বাভাবিক ও সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছে। এ লক্ষ্যে বিশেষ করে জম্মু ও কাশ্মীরসহ অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা জরুরি।’ হাইকমিশনার এ জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।
আগামী ২৩ আগস্ট অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দ্বিপক্ষীয় বৈঠকের আগে পাকিস্তানি জ্যেষ্ঠ কূটনীতিক এ কথাগুলো বললেন। ওই বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুটি গুরুত্ব পাওয়ার কথা।
ভারত তাঁর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে পাকিস্তানের বিরুদ্ধে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে। দেশটির বক্তব্য, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের অধিকার আন্দোলনে তারা শুধু নৈতিক সমর্থনই দিয়ে থাকে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে দুইবার পূর্ণ মাত্রার এবং একবার সীমিত মাত্রায় যুদ্ধে লিপ্ত হয়েছে।