কাশ্মীর সীমান্তে গোলাগুলি, দুই পক্ষে নিহত ১৪
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও রক্তপাতের ঘটনা ঘটেছে। ভারত দাবি করেছে, গতকাল মঙ্গলবার ভোরে পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে চার নারী, দুই শিশুসহ আট বেসামরিক ভারতীয় নিহত হয়েছেন। আর পাকিস্তান বলেছে, আগের দিন ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন ছয় পাকিস্তানি।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে উরির সেনাছাউনিতে ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জের হিসেবে ২৯ সেপ্টেম্বর পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত। এরপর থেকে ওই সীমান্তে দুই দেশের মধ্যে মাঝেমধ্যেই ছোটখাটো গোলাগুলির ঘটনা ঘটছে।
ভারতীয় সেনা কর্তৃপক্ষ বলেছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সামবা, জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় ভারতের সীমান্তচৌকি লক্ষ্য করে গতকাল ভোর থেকে উপর্যুপরি গোলা ছুড়তে শুরু করেন পাকিস্তানি সেনারা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, পাকিস্তানি বাহিনীর গোলার জবাবে তারাও গোলা ছুড়তে শুরু করে। জম্মু অঞ্চলের রামগড় ও আরনিয়া সেক্টরে এসব গোলার আঘাতে পাকিস্তানি রেঞ্জারসের ১৪টি সীমান্তচৌকি বিধ্বস্ত হয়েছে।
সামবার ডেপুটি কমিশনার শীতল নন্দা বলেন, ওই এলাকায় গোলার আঘাতে পাঁচ ভারতীয় নিহত হয়েছেন। সেই সঙ্গে গোলার শব্দে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা গেছেন।
রাজৌরির ডেপুটি কমিশনার শাবির আহমেদ ভাট বলেছেন, নিয়ন্ত্রণরেখার কাছে পাঞ্জগ্রিয়ান সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর গোলাগুলিতে দুই নারী নিহত হয়েছেন।
পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, সোমবার কাশ্মীরের নাকাল ও তাতাপানি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গোলাগুলিতে কমপক্ষে চার পাকিস্তানি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ওই এলাকার মোহরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাইদ বলেন, ‘গোলাগুলির সময় মনে হচ্ছিল দুই দেশের মধ্যে পুরোমাত্রায় যুদ্ধ লেগে গেছে।’
উপহাইকমিশনারকে তলব: ডন জানায়, সোমবারের ঘটনায় সীমান্ত লঙ্ঘনের ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোহাম্মদ ফয়সাল পাকিস্তানে নিযুক্ত ভারতের উপহাইকমিশনার জে পি সিংকে ডেকে এ নিন্দা জানিয়েছেন।
ডন আরও জানায়, পাকিস্তান সরকার ভারতের নয়াদিল্লিতে সে দেশের হাইকমিশনে নিযুক্ত চার কর্মকর্তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে।