মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার পর ভারতের তৎকালীন ক্ষমতাসীন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছিলেন আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত লোকসভা নির্বাচনের প্রচারণায় মোদি বলেছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের ভাষায় কথা বলতে হবে। কারণ, এর আগে ওদের শিক্ষা হবে না।’
এখন প্রধানমন্ত্রী মোদির সেই বার্তা দেওয়ার সময় এসেছে। তবে ভারতের জন্য এই হামলা করাটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিকল্প। নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করবে, তা ঠিক। তবে এতে ভারতের ক্ষতি বেশিও হতে পারে।
ভারতের দ্বিতীয় বিকল্প হলো, নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি ডেরা লক্ষ্য করে বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো। এটা রাজনৈতিক নেতাদেরও প্রিয় বিকল্প। ২০০৮ সালের পর থেকে ভারতের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা অনেক বেড়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই কৌশল সব সময় কার্যকর নয়। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ৭৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রতিটির দাম ১৫ লাখ ডলার। তবে হামলায় মাত্র ছয়জন অপরিচিত জঙ্গি নিহত হয়।
আবার এ ধরনের হামলার পর পাকিস্তান হামলা চালাতে পারে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে ভারতের শিল্প অবকাঠামো। পাকিস্তানে জঙ্গিদের ছোট ডেরায় হামলা করে যে লাভ হবে, তার চেয়ে এ হামলায় ভারতের ক্ষতি বেশিই হবে। ভারত অবশ্যই এর জবাব দিতে পারে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
মোদি অটল বিহারি বাজপেয়ির বিকল্প নিয়েও ভাবতে পারেন। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার পর ভারত সেনা সমাবেশ শুরু করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও তা করতে থাকে। এতে তাদের ছোট অর্থনীতি বেশ ধাক্কা খায়। বাজপেয়ির এ ব্যবস্থা বেশ কাজে দেয়।