কাশ্মীরের সেনাক্যাম্পে হামলা
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি সেনাক্যাম্পে আজ মঙ্গলবার ভোরে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই ভারতীয় সেনা আহত হয়েছেন। আক্রমণকারীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে এখন।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে জম্মু জেলার নাগ্রোতা এলাকায় একটি সেনাক্যাম্পে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা। সেই সঙ্গে গুলিও চালায় তারা। দুই থেকে তিনজন সন্ত্রাসী ওই এলাকায় এখনো লুকিয়ে আছে বলে সেনাবাহিনী ধারণা করছে। হামলার পর সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকাটি জম্মু শহর থেকে ২০ কিলোমিটার দূরে। নাগ্রোতা ভারতীয় সেনাবাহিনীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়।
আজ জম্মু ও কাশ্মীরের সামবা সেক্টরের রামগড়ে আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানেও এখন লড়াই অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাছাউনিতে গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ হামলার পর ২৯ সেপ্টেম্বর পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করে ভারত। ঘটনার পর দুই দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। সীমান্তে বিচ্ছিন্নভাবে গুলিবিনিময়ের একাধিক ঘটনা ঘটে।