কাশ্মীরের সোপুরে সাত দিনে তিনজনকে গুলি করে হত্যা
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সোপুর এলাকায় গতকাল রোববার একজন দোকানদারকে গুলি করে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। উত্তর কাশ্মীরের শহরটিতে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে এ ধরনের তৃতীয় হত্যাকাণ্ড হলো। খবর পিটিআই ও এনডিটিভির।
পুলিশ জানায়, গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে অবস্থিত সোপুর শহরের বাদামিবাগ এলাকায় একটি মুরগির দোকান রয়েছে স্থানীয় বাসিন্দা মেরাজউদ্দিন দারের। অজ্ঞাত বন্দুকধারীরা গতকাল ওই দোকানের কাছেই তাঁকে গুলি করে। গুরুতর আহত মেরাজকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ডের দায় কেউ স্বীকার করেনি। তবে সরকারি নিরাপত্তা সংস্থাগুলো বলছে, নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুল মুজাহিদীনের একটি দলছুট গ্রুপ এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। গত শুক্রবার রাতে সন্দেহভাজন চরমপন্থীরা এই সোপুর শহরেরই আরেক দোকানদারকে গুলি করে হত্যা করে। এর আগে গত মঙ্গলবার একজন সরকারি কর্মচারী ও তেহরিক-ই-হুরিয়াতের সদস্যকে একইভাবে হত্যা করা হয়। এই তিনটি হত্যাকাণ্ডে একই গোষ্ঠী জড়িত বলেই মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
‘৫৬ ইঞ্চির বুকের ছাতি কই?’: কাশ্মীরে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও পাকিস্তানের পতাকা উত্তোলনের কথিত ঘটনায় গতকাল উদ্বেগ প্রকাশ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা মারতেও ছাড়েননি তিনি। গত লোকসভা নির্বাচনের প্রচারণার সময় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি গুজরাটের উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেছিলেন, একটি গুজরাট বানাতে বুকের ছাতি ৫৬ ইঞ্চি হতে হয়। ওই প্রসঙ্গ তুলে নিতীশ বলেন, ‘যে ব্যক্তি ৫৬ ইঞ্চি বুকের ছাতি থাকা নিয়ে গর্ব করেছিলেন, তিনিই এখন দিল্লির মসনদে অধিষ্ঠিত। অথচ এখনই জম্মু-কাশ্মীরে আইএস ও পাকিস্তানের পতাকা উড়ছে। তাঁর সেই ৫৬ ইঞ্চি ছাতির কী হলো?’
কাশ্মীরের অন্তত দুটি স্থানে গত শনিবার আইএস ও পাকিস্তানের পতাকা ওড়ানোর ঘটনা ঘটে বলে খবরে জানা যায়।