কাশ্মীরের 'মুক্তির সংগীত' নিয়ে বিতর্ক
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিহত বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানিকে নিয়ে লেখা একটি গান নিয়ে জোর বিতর্ক উঠেছে। সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে গানটি ছড়িয়ে পড়েছে। তবে এ গানের এক শিল্পী বলেছেন, গানটি জনপ্রিয় হলেও তিনি ফেসবুকে তাঁর ১০ হাজার ভক্ত হারিয়েছেন।
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধেও জড়িয়েছে প্রতিবেশী দুটি দেশ। দুটি দেশই এই ভূখণ্ড নিজেদের বলে দাবি করে।
যে গানটি নিয়ে বিতর্ক উঠেছে, তাতে বুরহান ওয়ানির প্রসঙ্গ তোলায় পুরো কাশ্মীরকে পাকিস্তান যে নিজের ভূখণ্ড বলে দাবি করে, সেই দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করা হয়েছে। গত জুলাই মাসে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন বুরহান ওয়ানি। এরপর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে স্মরণকালের ভয়াবহ বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আহত হন শত শত বিক্ষোভকারী।
বিতর্কিত গানটির শুরুতে কিছু কথা বলেন এর প্রযোজক ওমর আহসান। রকের সঙ্গে ঐতিহ্যবাহী সুফিসংগীতের একটি মিশেল দেওয়া হয় গানে। আহসান বলেন, ‘আমরা এই গানের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণদের কাছে পৌঁছাতে চেয়েছি। যারা পুরোনো সংগীতের ধারা অপছন্দ করে কিন্তু নতুন সংগীত শুনতে চায়। এখানে লোকসংগীতের একটি ধারা ব্যবহার করা হয়েছে।’
আহসান দাবি করেন, মাত্র দুদিনের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানটি ২০ হাজার বার দেখা হয়েছে। এক হাজার শেয়ার হয়েছে।
পাকিস্তানে গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এতে গায়ক আলী আজমত, উমাইর যশওয়াল ও আলিসিয়া ডায়াস কণ্ঠ দিয়েছেন। অনেক পাকিস্তানি শিল্পী ভারতীয় ভক্ত হারানোর ভয়ে এখানে কণ্ঠ দেননি। উমাইর যশওয়াল বলেছেন, গানটি ছড়িয়ে পড়ার পরপরই তিনি ১০ হাজার ভারতীয় ভক্ত হারিয়েছেন তাঁর ফেসবুক পেজ থেকে। তবে তিনি বলেন, গানটি মোটেই ভারতবিরোধী নয়। এখানে একটি মানবীয় বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
গানটির একটি কলি এমন, ‘কাশ্মীর যা পাকিস্তানও বটে, তা ভূস্বর্গ। এখন এ উপত্যকার মূল গন্তব্যই স্বাধীনতার দিকে’।
পাকিস্তানি গণমাধ্যম গানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখালেও ভারতীয় গণমাধ্যম কিন্তু এ নিয়ে প্রায় চুপচাপ। দেশটি তেমন কোনো প্রতিক্রিয়াও দেখায়নি।