কিছু লোক কাশ্মীরিদের বিপথে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বাতমালু এলাকায় গতকাল বিক্ষোভের সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন এক তরুণ l এএফপি
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের বাতমালু এলাকায় গতকাল বিক্ষোভের সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন এক তরুণ l এএফপি

সংঘাত-সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর নিয়ে মৌনতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার মধ্যপ্রদেশের এক জনসভায় তিনি বলেন, কাশ্মীর শান্তি চায়। সরকারও চায় কাশ্মীরকে উন্নয়নের পথে শামিল করতে। অথচ অল্প কিছু মানুষ কাশ্মীরিদের বিপথগামী করে তুলছে।
নিরাপত্তা বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের তরুণ নেতা বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার পর এক মাস ধরে অশান্ত ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর। টানা এক মাস উপত্যকায় কারফিউ জারি রয়েছে। অব্যাহত সহিংসতায় প্রাণ ঝরেছে ৬০টি। আহত তিন শতাধিক। ১০০ জনের মতো দৃষ্টি হারিয়েছেন পুলিশ ও অন্য বাহিনীর বন্দুকের পেলেটের আঘাতে। তবু একটিবারের জন্যও মুখ খোলেননি মোদি। এ নিয়ে গত সোমবার ভারতীয় পার্লামেন্টে বিরোধীরা তাঁর সমালোচনাও করেন।

>নিরাপত্তা বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের তরুণ নেতা বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার পর এক মাস ধরে অশান্ত ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর। টানা এক মাস উপত্যকায় কারফিউ জারি রয়েছে। অব্যাহত সহিংসতায় প্রাণ ঝরেছে ৬০টি

সমালোচিত হওয়ার ২৪ ঘণ্টা পর গতকাল জনসভায় মোদি বলেন, ‘দুঃখের বিষয়, যে কিশোরদের হাতে ব্যাট-বল বা ল্যাপটপ থাকার কথা, তারা ইট-পাথর হাতে তুলে নিয়েছে। ভারতের প্রত্যেক নাগরিকের যে স্বাধীনতা আছে, প্রত্যেক কাশ্মীরিও সেই অর্থে স্বাধীন। কাশ্মীরিদের জীবন আরও সুন্দর করে তুলতে যে উন্নয়ন দরকার, সরকার তা করবে। উন্নয়ন আমাদের পাখির চোখ।’
ভারতের স্বাধীনতাসংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মভূমি মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাবরা গ্রাম থেকে গতকাল প্রধানমন্ত্রী ৭০তম স্বাধীনতা দিবসের পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু করেন। সেই উপলক্ষে জনসভায় তিনি কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন।
গত সোমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দিল্লিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির উল্লেখ করে বলেছিলেন, বাজপেয়ি যে মন নিয়ে কাশ্মীর সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদিরও সেই পথে হাঁটা উচিত। মেহবুবার সেই কথারই রেশ ধরে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অটল বিহারি বাজপেয়ি ইনসানিয়াত (মানবিক), কাশ্মীরিয়াত (কাশ্মীরি স্বাভিমান) এবং জামুরিয়াতের (সুশাসন) দৃষ্টিতে কাশ্মীর সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিলেন। আমরা বাজপেয়িজির অনুগামী। আমি এটুকু বলতে পারি, প্রত্যেক ভারতবাসী যে স্বাধীনতা ভোগ করে, প্রত্যেক কাশ্মীরিও তার যোগ্য।’
সোমবার কাশ্মীর প্রসঙ্গে বিরোধীরা সর্বদলীয় বৈঠক ডাকার ও সর্বদলীয় প্রতিনিধিদের কাশ্মীর উপত্যকা সফরের দাবি জানিয়েছিলেন। মোদি সেই দাবি নিয়ে সমাবেশে কিছু বলেননি। আজ বুধবার পার্লামেন্টে কাশ্মীর প্রসঙ্গ আলোচিত হবে। সেখানে প্রধানমন্ত্রী কিছু বলেন কি না, সে বিষয়ে এখনই জল্পনা শুরু হয়েছে। আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, এই দফায় কাশ্মীরকে অশান্ত করে তোলার পেছনে পাকিস্তানের হাত থাকার অনেক প্রমাণ মিলেছে। পাকিস্তানের হঠাৎ এই ‘অত্যুৎসাহিতার’ পেছনে সে দেশের সামরিক বাহিনীর সঙ্গে নির্বাচিত সরকারের ক্ষমতার টানাপোড়েন অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে গতকাল সমন করা হয়। পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর তাঁকে সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদপত্র (ডিমার্শ) তুলে দেন। গত ২৫ জুলাই বাহাদুর আলি নামে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীকে কাশ্মীরে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি জানিয়েছেন, পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে তিনি ভারতে এসেছেন সন্ত্রাসবাদী কাজে জড়াতে।