কিরণ বেদীকে নিয়ে সমস্যায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরণ বেদী
কিরণ বেদী

ধুমধাম করে কিরণ বেদীকে দলে নিয়ে বিজেপি কি তার সমস্যা বাড়াল? দিল্লি বিধানসভার ভোটের আগে এই প্রশ্নে দল এখন তোলপাড়।
কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। ডাকাবুকো এবং আপসহীন কর্মকর্তা বলেই তাঁর পরিচিতি, যে কারণে কর্মজীবনে বারবার তাঁকে রাজনীতিকদের রোষে পড়তে হয়েছে। অবসরজীবনেও কিরণের প্রতিবাদী চরিত্র স্তিমিত হয়নি। প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন আগাগোড়া। তাঁকে দলে টেনে বিজেপি ভোটের মুখে দলের মুখহীনতার অভাব ঘোচাতে চেয়েছে। কিন্তু সেই সিদ্ধান্ত জন্ম দিয়েছে নতুন সমস্যার।
দিল্লির ভোটে সাধারণ মানুষের কাছে আম আদমি পার্টি (এএপি) ও তার নেতা অরবিন্দ কেজরিওয়ালের আকর্ষণ এখনো প্রবল। কেজরিওয়ালকে টেক্কা দেওয়ার মতো কোনো নেতা রাজ্য বিজেপিতে নেই। গত বছরের ভোটেও তাই বিজেপি মুখ্যমন্ত্রিত্বের জোরালো দাবিদার হিসেবে কাউকে দাঁড় করতে পারেনি। তবে মোটামুটি ঠিক ছিল, সরকার গড়তে পারলে মুখ্যমন্ত্রী করা হবে রাজধানীর বিশিষ্ট চিকিৎসক হর্ষবর্ধনকে। হর্ষবর্ধন ভদ্র, শালীন, দক্ষ ও সৎ। কিন্তু ভোটের ত্রিশঙ্কু ফল বিজেপিকে সরকার গড়ার সুযোগ থেকে বঞ্চিত করে।
এবার গতবারের পুনরাবৃত্তি ঠেকাতে কিরণ বেদীকে দলে ভেড়াল বিজেপি। কিন্তু বিজেপির পোড় খাওয়া রাজ্যনেতাদের একাংশ এতে ক্ষুব্ধ। তাঁরা মনে করছেন, এত বছর ধরে যে দলের জন্য তাঁরা প্রাণপাত করলেন, সেই দলের কেউ না হয়ে অরাজনৈতিক একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন? অসন্তোষ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘেও (আরএসএস)। সংঘপ্রধান মোহন ভাগবত অসন্তুষ্ট বলে খবর রটেছে। বিবৃতি দিয়ে সংঘের নেতা মনমোহন বৈদ্য অবশ্য বলেছেন, সেই খবর অসত্য।
কিরণ বেদীকে দলে নেওয়ার সিদ্ধান্ত একান্তভাবেই মোদি-অমিত শাহ্ জুটির। তাঁদেরই দুই অনুগামী মুখতার আব্বাস নাকভি ও শাহনওয়াজ হুসেন শনিবার বিবৃতি দিয়ে কিরণকে স্বাগত জানিয়েছেন। হুসেন তো এ কথাও বলেছেন, বিজেপিতে নতুন অধ্যায় শুরু হলো। হর্ষবর্ধন, বিজয় মালহোত্রা, জগদীশ মুখীরা কিন্তু নিভৃতে ক্ষোভ উগরে দিচ্ছেন। উড়ে এসে জুড়ে বসার এই রাজনীতি তাঁরা বরদাশত করছেন না। কিরণকে তাঁরা স্বৈরতন্ত্রী ও একগুঁয়ে বলেও মনে করেন। তাঁদের সবচেয়ে আপত্তি—কিরণ বেদী না সংঘের কেউ, না পার্টির লোক।
এই অবস্থায় বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একটি সাম্প্রতিক জরিপ। এ সি নিয়েলসন-এর সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে বিজেপির পক্ষে যে সমর্থন দিল্লির ভোটারদের ছিল, জানুয়ারিতে তা কমে গেছে।