কেজরিওয়াল-কিরণ কাজিয়া তুঙ্গে

ওবামা-আচ্ছন্নতা কাটিয়ে রাজধানীর রাজনীতি ফের ফিরে এসেছে ভোট-বিতর্কে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল আম আদমি পার্টি (এএপি) বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদীকে ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে নতুন বিতর্কে জড়ালেন। বিব্রত কিরণ বলেছেন, এ ধরনের বিতর্ক তাঁকে লক্ষচ্যুত করবে। ভবিষ্যতে আর এসব অভিযোগের জবাব তিনি দেবেন না।
এএপি নেতা কুমার বিশ্বাসের অভিযোগ, লোকপাল আন্দোলনের সময় কিরণ বেদী বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাজি ছিলেন না। কারণ, তখন থেকেই তিনি ছিলেন বিজেপির প্রতি নরম। কুমার বিশ্বাস বলেন, দুর্নীতির অভিযোগ থাকা বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ না দেখানোর জন্য কিরণ সময়ে সময়ে কেজরিওয়ালের ওপর প্রভাব খাটাতে চেয়েছিলেন। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর প্রশ্ন, তিনি যদি নরমই থাকবেন, তা হলে ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়াল কেন তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন?
কুমার বিশ্বাস তাঁর অভিযোগের পক্ষে কিছুটা ব্যাখ্যাও দেন। বলেন, কয়লা কেলেঙ্কারির সময় তাঁদের দল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, বিজেপি নেতা নিতীন গড়করিদের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল। কিরণ সে সময় তাঁদের প্রভাবিত করার চেষ্টা করেন। কুমার বলেন, কিরণের বিক্ষোভে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাননি।
সাবেক ডাকাবুকা পুলিশ কর্মকর্তা কিরণ বেদী এ ধরনের অভিযোগে বিব্রত এবং বিরক্তও। তিনি বলেছেন, এ ধরনের আর কোনো অভিযোগের জবাব তিনি দেবেন না। কোনো বিতর্কে অংশ নেবেন না। কারণ, এতে তাঁর সময় নষ্ট হয়। কাজের কাজ কিছু হয় না।
বিতর্ক অবশ্য অব্যাহত। প্রজাতন্ত্র দিবসের দিন রাজপথের কুচকাওয়াজে কেজরিওয়ালকে আমন্ত্রণ জানানো হয়নি। সাবেক মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানালেও কিরণ বেদী প্রথম সারিতে বসেছিলেন। এএপি এ সিদ্ধান্তের সমালোচনা করে। কিরণও এর কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দিতে পারেননি। লড়াইটা কেজরিওয়াল বনাম কিরণ হয়ে যাওয়ায় এএপি সেটাই নির্বাচনী ইস্যু করে তুলেছে। তারা দুই নেতার ছবি পাশাপাশি ছাপিয়ে জনগণকে প্রশ্ন করছে কাকে তাঁরা পছন্দ করবেন; এএপির ‘ইমানদার’ প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল, নাকি বিজেপির ‘সুবিধাবাদী’ কিরণ বেদীকে? কিরণ এই পোস্টারের বিরুদ্ধে আপত্তি জানিয়ে এএপিকে উকিলের চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, অনুমতি না নিয়ে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে।
দিল্লির বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, প্রচারের তীব্রতাও তত বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকে বিজেপি তাদের কূটনৈতিক জয় বলে তুলে ধরছে। রাজধানীতে বিজেপির যত পোস্টার ও হোর্ডিং, তার সিংহভাগই মোদিময়। মুখ্যমন্ত্রিত্বের দাবিদার কিরণ বেদী হলেও বিজেপির আসল মুখ সেই নরেন্দ্র মোদিই।