কিশোরের মুখে ২৩২টি দাঁত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে এক কিশোরের মুখ থেকে ২৩২টি দাঁত অপসারণ করেছেন। মুম্বাইয়ের জে জে হাসপাতালে গত সোমবার ওই অস্ত্রোপচার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জে জে হাসপাতালের কর্মকর্তারা জানান, ওই কিশোরের নাম আশিক গাবাই (১৭)। দশম শ্রেণির ছাত্র আশিক মুখে প্রচণ্ড ব্যথা নিয়ে গত জুনে হাসপাতালে ভর্তি হয়।
জে জে হাসপাতালের দন্ত বিভাগের প্রধান সুনন্দা ধিবারে পালওয়াঙ্কার বলেন, ‘অস্ত্রোপচারের পর আমরা তার মাড়ির অস্বাভাবিক দাঁত থেকে ছোট ছোট দাঁত তুলতে শুরু করলাম। সেগুলো আকৃতিতে ছিল ভিন্ন ভিন্ন—কোনোটা সরিষা দানার মতো ছোট, আবার কোনোটা বেশ বড়। চূড়ান্তভাবে গুনে দেখি, আমরা এ ধরনের ২৩২টি দাঁত তুলে ফেলেছি।’