কিশোরী ধর্ষণে বিধায়ক গ্রেপ্তার
১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভারতের মেঘালয় রাজ্যের বিধায়ক জুলিয়াস কিতবোক দোরফাঙকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার মধ্যরাতে গুয়াহাটির একটি বাসস্ট্যান্ড থেকে বিধায়ক দোরফাঙকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারের জন্য তাঁকে শিলং আদালতে নেওয়া হয়। আদালত শনিবার তাঁকে পুলিশ হেফাজতে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
শিলং শহরের পুলিশ সুপার বিবেক সিয়েম বলেন, অভিযুক্ত হওয়ার পর থেকে দোরফাঙ আত্মগোপনে ছিলেন। অনেক দিন থেকেই দোরফাঙকে খোঁজা হচ্ছিল। সম্ভবত তিনি গা ঢাকা দেওয়ার জন্য বাসে করে অন্য কোথাও যাচ্ছিলেন। এমন সময় গুয়াহাটি পুলিশের সহায়তায় মেঘালয় পুলিশ তাঁকে গুয়াহাটির আন্তশহর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ডি আর লিংডোর ছেলে তাঁর গেস্টহাউসে অসামাজিক কার্যকলাপ করানোর অভিযোগে গ্রেপ্তার হন। এ সময় তাঁর গেস্টহাউস থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশের জেরায় কিশোরী ‘হাই প্রোফাইল’ ব্যক্তিদের নাম বলে দেন। এর ভিত্তিতে চার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর থেকে দোরফাঙ আত্মগোপন করেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৬ ডিসেম্বর ওই কিশোরী দোরফাঙয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, বিধায়ক দোরফাঙ তাকে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মেঘালয়ের একটি গেস্টহাউসে ধর্ষণ করেছেন। এ ঘটনায় শিলংয়ের একটি আদালত গত বুধবার দোরফাঙয়ের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে শুক্রবার মেঘালয়ের শিশু অধিকার রক্ষা জাতীয় কমিশনের চেয়ারপারসন মীনা খারকঙ্গোর বিধায়ক দোরফাঙয়ের বিরুদ্ধে এ ঘটনায় পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।