কী কী চ্যালেঞ্জ, ইন্টারনেটে ঝড় দুই চাষির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অনেক দেশেই এখন ‘কী কী চ্যালেঞ্জে’ মাতোয়ারা। দেশি হোক বা বিদেশি, ইন্টারনেট ছেয়ে গেছে ‘কী কী’র ভিডিওতে। বিশ্বের সর্বত্রই চ্যালেঞ্জ নিচ্ছেন তরুণ-তরুণী থেকে শুরু প্রৌঢ়া পর্যন্ত। ‘কী কী চ্যালেঞ্জ’-এ কার নাচের তাল কত ভালো, কার টাইমিং কত পারফেক্ট, তা নিয়ে সমীক্ষার পরই জানা যায় কারটা বেশি ভালো হয়েছে। তবে সম্প্রতি ভারতের দুই চাষির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুই চাষিও ‘কী কী চ্যালেঞ্জ’ নিয়েছেন। মাঠে হাল চালানোর সময় ‘ইন মাই ফিলিংস’-এর সঙ্গে নেচেছেন তাঁরা। আর ভারতীয় স্টাইলে চ্যালেঞ্জের সেই ভিডিওকেই সেরা ‘কী কী’-র শিরোপা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কৌতুকশিল্পী ‘ডেইলি শো’-এর সঞ্চালক ট্রেভর নোয়া। শুধু নোয়া নন, নিজের ইনস্টাগ্রামে দুই কৃষকের ভিডিও আপলোড করেছেন বলিউডের অভিনেতা বিবেক ওবেরয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পানি-কাদাভর্তি খেতে লাঙল নিয়ে কৃষিকাজ চলছে। দুটি বলদ নিয়ে লাঙল ধরে আছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যর দুই চাষি। হঠাৎই বেজে উঠল গান। ছন্দে ছন্দে দুলে উঠলেন চাষিরা। শুরু হলো নাচ। নাচের ধরনে দক্ষিণী ছবির গানের নাচের ছাপ। আর মুখে হাসি। অক্লান্ত পরিশ্রমের মাঝেও জীবনে যে আনন্দ করা যায়, তা দেখিয়ে দিয়েছেন তাঁরা। আর এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দুই চাষি হলেন পিল্লি তিরুপতি (২৮) ও গিলা অনিল কুমার (২৪)। তেলেঙ্গানার করিমনগর জেলার লাম্বাড়িপল্লির এই দুই চাষি এখন ফেসবুক, ইউটিউব, টুইটারে রীতিমতো নায়ক।

আলোচনার কেন্দ্রে থাকা দুই ভাইয়ের ইন্টারনেট দুনিয়ার সঙ্গে পরিচয় নেই। এখন প্রশ্ন উঠছে কীভাবে তাঁরা ‘কী কী চ্যালেঞ্জে’র কথা জানলেন? এর উত্তর দিয়েছেন চিত্র পরিচালক শ্রীরাম শ্রীকান্ত। তিনিই প্রথম নিজের ইউটিউব চ্যানেল ‘মাই ভিলেজ শো’তে এই ভিডিও আপ করেন। শ্রীকান্ত বলেন, ড্রেকের গানের সঙ্গে চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখে আমি অবাক হয়ে যাই। সেই সঙ্গে দেখি পুলিশের সতর্কতাও। তখনই নতুন কিছু করার কথা মাথায় আসে যেটা হবে মজারও আবার পুরোপুরি নিরাপদ। পিল্লি তিরুপতি ও অনিল কুমারকে তিনি উৎসাহ দেন এ ধরনের একটি ভিডিও বানাতে। শ্রীকান্ত বলেছেন, ‘তেলেঙ্গানার ওই গ্রামে কৃষিকাজই হচ্ছে জীবিকার একমাত্র অবলম্বন। তাই চাষাবাদ আর জমিকেই বেছে নিয়েছিলাম চ্যালেঞ্জ হিসেবে।’