কুলদীপ নায়ারকে পুলিশের জেরা

প্রবীণ সাংবাদিক তথা সাবেক সাংসদ কুলদীপ নায়ারকেও ছাড় দিল না বিজেপি শাসিত ভারতের আসাম রাজ্যের পুলিশ। জাতীয় নাগরিক নিবন্ধনকরণ (এনআরসি) ইস্যুতে সংখ্যালঘুদের সাহায্য করার অভিযোগে তাঁকে দীর্ঘ জেরা করেছে।
পুলিশ সূত্রে খবর, যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার কুলদীপ নায়ার ভারতীয় জমিয়ত উলেমার প্রধান মাওলানা আরশাদ মাদানিসহ আসামের বেশ কয়েকজন বুদ্ধিজীবীর উপস্থিতিতে একটি সেমিনার আয়োজন করতে মিলনায়তনের জন্য তদবির করেছিলেন। দিল্লিতে ১৩ নভেম্বর ওই সেমিনার অনুষ্ঠিত হয়। দিল্লি অ্যাকশন কমিটি ফর আসাম (ডিএসিএ) এর আয়োজন করে। এই অভিযোগে আসাম পুলিশের সহকারী কমিশনার প্রাঞ্জল বরার নেতৃত্বে দিল্লিতে একটি দল গতকাল সোমবার দীর্ঘ জেরা করা করে প্রবীণ সাংবাদিককে।
পুলিশের অভিযোগ, আসামের বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেণ গোঁহাই, হায়দর হোসেন, মঞ্জিত মহন্ত, হাফিজ রশিদ চৌধুরী, অপূর্ব বরুয়া প্রমুখের উপস্থিতিতে সেই সাংবাদিক সম্মেলন থেকে মাদানি উসকানিমূলক বক্তব্য দেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাদানি বলেছিলেন, ‘এনআরসি কার্যকর হলে আসামে কম করে ২৫ লাখ সংখ্যালঘু নারীকে অগ্নিদগ্ধ হতে হবে। তাঁদের বাচ্চাদের ধরলে সংখ্যাটি দাঁড়াবে ৭৫ লাখ।’
এরপরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন জমিয়ত নেতা। তাঁর মতে, ‘এনআরসির নামে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের আসামছাড়া করার প্রয়াস চলছে। কিন্তু তাঁরা যাবেন কোথায়? এরা সবাই ভারতের নাগরিক। অন্য দেশ এদের গ্রহণ করবে না। তাই মৃত্যুই হবে তাদের একমাত্র ভবিতব্য।’
এনআরসির প্রতিবাদে মাদানি রাজ্যের সংখ্যালঘুদের সোচ্চার হওয়ার ডাক দেন। কিন্তু বিজেপি শাসিত আসাম সরকার মাদানির বিরুদ্ধে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে। দিল্লিতে চলছে মাদানির খোঁজে তল্লাশি চলছে।
শুধু কুলদীপ নায়ারকেই নয়, পুলিশ বিশিষ্ট সমাজসেবী বনোজিত হুসেইন এবং অধ্যাপক অম্রপলি বসুমাতারিকেও জেরা করে।
কংগ্রেসসহ রাজ্যের বেশির ভাগ অ-বিজেপি দলই এর বিরোধিতা করেছে। তবু রাজ্য সরকার এখানেই দমতে রাজি নয়। এবার বিজেপির তরফে হুংকার, আসামের সংখ্যালঘু ছাত্রসংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হবে।