কুলভূষণের বিষয়ে আজ রায় দেবেন আন্তর্জাতিক আদালত
পাকিস্তানে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাবেক ভারতীয় নৌকর্মকর্তা কুলভূষণ যাদবের বিষয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক আদালত। ভারতীয় সময় বেলা সাড়ে তিনটায় এই রায় ঘোষণা করা হবে। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।
এর আগে গত সোমবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে যাদবের মামলার শুনানি হয়। সেখানে জোরালো ভাষায় ভারতের অবস্থান তুলে ধরেন প্রতিনিধিরা। শোনা হয় ভারত ও পাকিস্তান দুই পক্ষেরই বক্তব্য।
গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত ভারতের নাগরিক কুলভূষণ যাদবকে (৪৬) মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছর কুলভূষণ যাদব পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৬ বার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছে পাকিস্তানে ভারতীয় দূতাবাস। কিন্তু সেই আবেদন ১৬ বারই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। অন্য দেশের নাগরিককে বিচারাধীন অবস্থায় তাঁর নিজের দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে পাকিস্তান ইতিমধ্যেই ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। এমন অভিযোগ জানিয়েই ৮ মে আন্তর্জাতিক আদালতে ভারতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সোমবার ছিল এর শুনানি। শুনানিতে আন্তর্জাতিক আইন আবার লঙ্ঘন করে কুলভূষণকে যেকোনো সময় ফাঁসিতে ঝোলানো হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে নয়াদিল্লি।