কুলভূষণের বিষয়ে নতুন শুনানির আবেদন জানাবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলভূষণ যাদব
কুলভূষণ যাদব

কুলভূষণ যাদবের বিষয়ে নতুন করে শুনানির জন্য আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার এই মামলায় আগামী ছয় সপ্তাহের মধ্যে নতুন করে শুনানির শুরুর আবেদন জানিয়েছে দেশটি।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের করা মামলার ওপর শুনানি শেষ না হওয়া পর্যন্ত গুপ্তচরবৃত্তির অভিযোগে ‘দোষী সাব্যস্ত হওয়া’ ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণকে মৃত্যুদণ্ড না দিতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের একটি শীর্ষ আদালত। আন্তর্জাতিক আদালতের এই রায়ের পর কুলভূষণ মামলায় পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করছে দেশটির সংবাদমাধ্যম।

এদিকে ইসলামাবাদ গতকাল শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক আদালতে এই মামলা সামলাতে নতুন করে আইনজীবীদের দল গঠন করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ‘পাকিস্তানের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমাদের সার্বভৌমত্বও বজায় রাখতে হবে।’

কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের পক্ষের আইনজীবী ছিলেন খাওয়ার কোরেশি। এই আইনজীবীর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। লন্ডনপ্রবাসী এই আইনজীবী মামলাটি ঠিকমতো সাজাতে পারেননি বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রথম সারির আইনজীবীরা। তবে সরতাজ আজিজ আইনজীবী কোরেশির পক্ষ নিয়ে বলেছেন, ‘উনি খুব সাহসের সঙ্গেই মামলা লড়েছেন।’

২০১৬ সালের মার্চে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মাসে তিনি পাকিস্তানের একটি আদালতে দোষী সাব্যস্ত হন। যাদবের বিরুদ্ধে আনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার করে ভারত পাল্টা অভিযোগ করেছে, যাদবকে অপহরণ করেছে পাকিস্তান। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। চলতি বছরের ১০ এপ্রিল কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)। এরপর কুলভূষণকে বাঁচাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন