কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত
কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডাদেশে স্থগিতাদেশ দিলেন আন্তর্জাতিক আদালত। গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত ভারতের নাগরিক কুলভূষণ যাদবকে (৪৬) মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপরই পাকিস্তানের সব অভিযোগ ভুল বলে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত। সেই মামলার শুনানিতেই এই রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত।
আদালতে ভারতের পক্ষ থেকে বলা হয়, সাবেক ওই ভারতীয় নৌসেনা কর্মকর্তার ইরানে একটি ব্যবসা রয়েছে। বেলুচিস্তান থেকে নয়, ইরান থেকেই তাঁকে অপহরণ করেছে পাকিস্তানি সেনারা। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে ভারতের দাবি।
২০১৬ সালে বেলুচিস্তানের মাশকেল এলাকা থেকে গোয়েন্দারা কুলভূষণ যাদবকে বন্দী করেন বলে দাবি করে পাকিস্তান। তখন থেকে পাকিস্তানের জেলে বন্দী কুলভূষণ। তিনি ভারতীয় গুপ্তচর বলে পাকিস্তানের অভিযোগ। বেলুচিস্তান ও করাচিতে কুলভূষণ নাশকতা ছড়িয়েছিলেন বলে সেনাদের দাবি। চলতি বছরের এপ্রিলে আচমকাই এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানি সেনা আদালত তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেন।
আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভারত। রায় জানার পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় বলেন, ‘আন্তর্জাতিক আদালতে ভারতের হয়ে এই মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। তাঁর থেকে স্থগিতাদেশের নির্দেশের খবর শোনার পরই কুলভূষণের মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন।