কুলভূষণের স্ত্রীর জুতায় কিছু ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দাবিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: এএফপি
পাকিস্তানের দাবিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ছবি: এএফপি

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের (৪৭) স্ত্রীর জুতায় ‘রেকর্ডিং ডিভাইস’ থাকা নিয়ে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার রাজ্যসভায় এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন তিনি।

এনডিটিভি ও ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, রাজ্যসভায় দেওয়া বক্তৃতায় সুষমা স্বরাজ বলেন, ‘কুলভূষণের স্ত্রীর জুতায় কোনো ক্যামেরা, রেকর্ডিং চিপ বা রেকর্ডিং ডিভাইস থাকার দাবি পুরোপুরি অযৌক্তিক।’

গত সোমবার কুলভূষণের স্ত্রী ও মা পাকিস্তানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। ভারত বলছে, কুলভূষণের পরিবারের সঙ্গে অসদাচরণ করেছে পাকিস্তান; তাঁর স্ত্রীর জুতা কেড়ে নিয়ে আর ফেরত দেওয়া হয়নি। অন্যদিকে পাকিস্তান বলছে, কুলভূষণের স্ত্রীর জুতায় ধাতব কিছু একটা থাকায় পরীক্ষা করার জন্য তা বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই এ দাবি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার এ নিয়ে মুখে খুললেন। রাজ্যসভায় তিনি বলেন, কুলভূষণের সামনে মা ও স্ত্রীকে ‘বিধবার’ সাজে হাজির হতে বাধ্য করেছে পাকিস্তান। তাঁদের কপালে টিপ, হাতে চুড়ি ও গলায় মঙ্গলসূত্র পরতে দেওয়া হয়নি। সুষমা স্বরাজ আরও বলেন, ‘পাকিস্তান মানবাধিকার লঙ্ঘন করেছে। এখানে কোনো মানবিকতা বা সদিচ্ছা ছিল না। এমন আচরণের জন্য শক্ত ভাষায় পাকিস্তানের নিন্দা করা উচিত।’

ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, স্পষ্ট কোনো কারণ ছাড়াই কুলভূষণের স্ত্রী চেতনকুলের জুতা নিয়ে নেয়। বারবার অনুরোধের পরেও তা ফেরত দেওয়া হয়নি। কুলভূষণের পরিবারের সাক্ষাতের সময় পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে। সাক্ষাতের সময় কাচের আড়ালে বসে ইন্টারকম দিয়ে কথা বলতে হয়েছে। ৪০ মিনিট সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

ভারতের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান বলেছে, অর্থহীন কথার লড়াইয়ে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। কোনো প্রশ্ন থাকলে তা সাক্ষাতের সময়ই তোলা উচিত ছিল।

গত ২২ মাস ধরে পাকিস্তানের হেফাজতে আছেন কুলভূষণ। গত ১০ এপ্রিল গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। পরে চলতি বছরের মে মাসে ভারতের আপিলের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় স্থগিত করা হয়।