কুয়া থেকে ১১ ঘণ্টা পর শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির গোশালার পাশে খেলা করছিল দুই বছরের শিশু চন্দ্রশেখর। এর কাছেই ১৫ থেকে ২০ ফুট গভীর একটি কুয়া। তাতে নেই কোনো ঢাকনা। খেলতে খেলতে অকস্মাৎ কুয়ায় পড়ে যায় সে। এরপর তাকে বাঁচাতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), পুলিশ ও প্রশাসন মিলে উদ্ধার তৎপরতায় নামে। অবশেষে ১১ ঘণ্টা পর উদ্ধার হয় শিশুটি।

ভারতের অন্ধ্র প্রদেশে গুন্টুর জেলার ভিনুকোন্ডার কাছে উম্মাদিভারাম গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। শিশুর কান্নার শব্দে স্থানীয় ব্যক্তিরা তৎপর হন। এতে যোগ দেয় প্রশাসন।

পুলিশ বলেছে, এক বছরের বেশি আগে ব্যবহারের অযোগ্য ঘোষণা করা ওই কুয়াটিতে কোনো পানি ছিল না। শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়। পরে গতকাল বুধবার ভোরে উদ্ধার করা হয় চন্দ্রশেখরকে।