কৃমির ওষুধ খেয়ে দেড় হাজার শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গতকাল বুধবার কৃমির ওষুধ খাওয়ানোর পর ছাত্রছাত্রীদের পেটে ও মাথায় যন্ত্রণা এবং বমি শুরু হয়। এরপরই বিভিন্ন স্কুল থেকে অসুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জাতীয় কৃমি দিবস উপলক্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানো হয়।

গণমাধ্যম সূত্রে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, ইতিমধ্যে রাজ্যের চারটি জেলার বিভিন্ন স্কুলে অসুস্থ হওয়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলায় এসব স্কুল রয়েছে। এ ছাড়া হাওড়ার আমতা, বাগনান, শ্যামপুকুর এলাকার বিভিন্ন স্কুলেও এই কৃমির ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত কৃমির ওষুধ খেয়ে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গতকাল বিভিন্ন স্কুলে কৃমির ওষুধ খেয়ে অসুস্থ হওয়ার পর অভিভাবকেরা কয়েকটি স্কুলে ভাঙচুর চালান। এর মধ্যে সুন্দরবনের মসজিদবাটি স্কুলে শিক্ষকদের আটকে রেখে তাঁরা বিক্ষোভ করেন। বিভিন্ন স্কুলে বিক্ষোভ ঠেকাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই কৃমির ওষুধ না খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী বলেছেন, কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়নি।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আজ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা।

জাতীয় কৃমি দিবস উপলক্ষে রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্যের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ৮৩ লাখ ৪০ হাজার ছাত্রছাত্রীকে কৃমির ওষুধ খাওয়ানোর ওই উদ্যোগ নেয়।