কৃষক আত্মহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের আত্মহত্যার ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হয়েছে দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি ক্ষমা চাইলেন। সংবাদ মাধ্যমের কাছে তিনি স্বীকার করলেন, গজেন্দ্র সিং যখন গাছে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন, তখন তাঁর ভাষণ থামিয়ে দেওয়া উচিত ছিল।
অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওই সময়েই আমার সমাবেশ শেষ করে দেওয়া উচিত ছিল। মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
দিল্লির শাসক দল এএপির বিক্ষোভ সমাবেশে গত বুধবার রাজস্থানের দৌসা জেলা থেকে আসা এক কৃষক আত্মহত্যা করেন। বিক্ষোভ সমাবেশ চলার সময় একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন ওই কৃষক। এক সময় তিনি ঝুলে পড়েন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত কৃষকের কাছে যে চিরকুট পাওয়া গেছে তাতে লেখা, অকালবৃষ্টিতে জমির ফসল নষ্ট হয়ে গেছে। তিন সন্তান নিয়ে তিনি পথে বসেছেন।
কেন্দ্রীয় সরকার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতে এ বছর ফসল হানিসহ বিভিন্ন কারণে ইতিমধ্যেই কয়েকজন কৃষক আত্মহত্যা করেছেন। কৃষকের আত্মহত্যার বিষয়টি তদন্ত করছে পুলিশ। ওই কৃষককে গাছে উঠতে কেউ উসকানি দিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা, এটাও তদন্ত করছে পুলিশ।

এদিকে শুধু দিল্লির মুখ্যমন্ত্রীই নন, আম আদমি পার্টি নেতা সাবেক সাংবাদিক আশুতোষও তাঁর মন্তব্যের জন্য কেঁদে ফেলেন। ঘটনার দিন আশুতোষ তির্যক ভঙ্গিতে বলেছিলেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল গাছে উঠে গজেন্দ্রকে টেনে নামানো। এ নিয়ে প্রচারমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া হয়। ওই মন্তব্য করা ঠিক হয়নি বুঝে আজ শুক্রবার এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় আশুতোষ কেঁদে ফেলেন।
গজেন্দ্রর পরিবার এতটাই ক্ষুব্ধ ও ব্যথিত যে, দিল্লি সরকারের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা শুনে তাঁরা তা প্রত্যাখ্যান করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।

কৃষক আত্মহত্যার ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোর এখনো অব্যাহত। কংগ্রেস গোটা বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। বিজেপি ও এএপির মধ্যেও রাজনৈতিক চর্চা অব্যাহত। সবচেয়ে বড় কথা, দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের বিরোধ তীব্রতর হয়ে উঠেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ (এফআইআর) করা হয়েছে, তা প্রধানত এএপি সমর্থক ও নেতাদের বিরুদ্ধে যাচ্ছে। দিল্লি সরকার যে তদন্তের নির্দেশ পুলিশকে দিয়েছে, তা তারা করতে বাধ্য নয় বলে পুলিশ জানিয়েছে। তবে দিল্লি পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, সেই তদন্ত দিল্লি পুলিশ করবে বলে জানিয়েছে। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব পড়েছে দোলাচলে। জমি অধিগ্রহণ বিল তারা সংসদের এই অধিবেশনেই আনতে বদ্ধপরিকর। কিন্তু অকালবৃষ্টিতে গোটা উত্তর ভারতে ফসলের ব্যাপক ক্ষতি, সেই ক্ষতি সামলাতে না পেরে চাষিদের আত্মহত্যা, তা নিয়ে দেশজোড়া বিক্ষোভের মুখে সেই বিল আনা ঠিক হবে কি না, তা নিয়ে চিন্তায় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলীয় সভাপতি অমিত শাহ সাংসদদের প্রচারের নির্দেশ দিলেও বিজেপির অনেক সাংসদ মনে করছেন, দেশের কৃষকদের মনোভাব এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে। অতএব জমি অধিগ্রহণ বিল নিয়ে ধীরে চলাই ভালো।