কৃষক পদযাত্রা, অশান্ত দিল্লি সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার হাজার কৃষক যাতে রাজধানীতে ঢুকতে না পারে, সে জন্য দিল্লির সীমান্তে আজ মিছিলে জলকামান ব্যবহার করে পুলিশ। ছবি: এএফপি
হাজার হাজার কৃষক যাতে রাজধানীতে ঢুকতে না পারে, সে জন্য দিল্লির সীমান্তে আজ মিছিলে জলকামান ব্যবহার করে পুলিশ। ছবি: এএফপি

ভারতের দিল্লি সীমান্ত অশান্ত হলো কৃষক পদযাত্রাকে কেন্দ্র করে। হাজার হাজার কৃষক যাতে রাজধানীতে ঢুকতে না পারেন, সে জন্য আজ মঙ্গলবার উত্তর প্রদেশ ও দিল্লি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। পদযাত্রায় অংশ নেওয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল ও জলকামান। করা হয় লাঠিচার্জও। আহত হন অসংখ্য কৃষক। ব্যাহত হলো সীমান্তবর্তী জনজীবন।

দিনভর এই বিক্ষোভ ও অশান্তির মাঝে আজ বিকেলে পদযাত্রী কৃষকনেতাদের এক প্রতিনিধিদল দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। বৈঠকের পর কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদমাধ্যমকে জানান, আলোচনা সফল। কৃষকদের বেশ কিছু দাবি সরকার মেনে নিয়েছে। পদযাত্রীদের অবস্থান প্রত্যাহৃত হবে। উত্তর প্রদেশের মন্ত্রীদের সঙ্গে নিয়ে গজেন্দ্র শেখাওয়াত সীমান্তে অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখাও করেন।

উত্তর প্রদেশের ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) এই পদযাত্রার ডাক দিয়েছিল। পশ্চিম-উত্তর প্রদেশের মুজফফরনগরের কৃষকনেতা মহেন্দ্র সিং টিকায়েত এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেননি। যদিও কৃষকনেতা হিসেবে তিনি মানতেন সাবেক প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে। রাজ্যের কৃষকদের বিভিন্ন দাবিতে তিনি মিছিল-সমাবেশ করেছেন। ১৯৮৭ সালে দিল্লির বোট ক্লাবে এক সপ্তাহ ধরে লক্ষাধিক সমর্থক নিয়ে অবস্থান করেছিলেন। এবারের আন্দোলনের নেতৃত্বে ছিল সেই বিকেইউ। তাদের প্রধান দাবি কৃষিঋণ মওকুফ, ডিজেল ও বিদ্যুতে ভর্তুকি, ফসলের সহায়ক মূল্য নিয়ে স্বামীনাথন কমিটির সুপারিশ রূপায়ণ এবং ৬০ বছরের বেশি কৃষকদের পেনশনের ব্যবস্থা করা।

হরিদ্বারের টিকায়েত ঘাট থেকে গত মাসের ২৩ তারিখে এই পদযাত্রা শুরু হয়। আজ তা শেষ হওয়ার কথা ছিল দিল্লিতে যমুনার তীরে রাজঘাটের পাশে চরণ সিংয়ের সমাধিস্থল কিষান ঘাটে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ হাজার কৃষক হেঁটে, বাসে-ট্রাকে ও ট্রাক্টরে চেপে দিল্লি সীমান্তে এলে পুলিশ তাঁদের পথ রোধ করে। বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয় অশান্তি। কিছু পদযাত্রীকে পুলিশ কিষান ঘাটে যাওয়ার অনুমতি দিলেও পদযাত্রীরা তা প্রত্যাখ্যান করেন। সীমান্তে শুরু হয় অবস্থান। পরে কৃষক নেতারা দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।

কৃষকদের দাবিদাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যে রাজ্যে বিক্ষোভ সমাবেশ চলছে। কিছুদিন আগে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বাই পর্যন্ত লক্ষাধিক কৃষক পদযাত্রায় শামিল হয়েছিলেন। সিপিএম ছিল সেই সমাবেশের আয়োজক। তারা সম্প্রতি দিল্লিতেও কৃষক সমাবেশ করে। এবার রাজধানী এলেন উত্তর প্রদেশের কৃষকেরা।

পদযাত্রীদের ওপর লাঠিচার্জের ঘটনায় বিরোধীরা সমালোচনায় মুখর। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনায় ট্যুইট করেন। বলেন, ‘এই ভারতই কি গান্ধীজি চেয়েছিলেন? বিজেপি সরকার আবারও বুঝিয়ে দিল তারা বড়লোকদের পক্ষে। কৃষক, নারী বা যুবাদের জন্য নয়।’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘সমস্যা দূর না করে সরকার সমস্যা বাড়িয়েই চলেছে। দেশে কৃষির এমন সংকট আগে দেখা দেয়নি।’ চরণ সিংয়ের ছেলে রাষ্ট্রীয় লোকদলের নেতা অজিত সিং পদযাত্রীদের সমর্থনে দাঁড়িয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদযাত্রীদের দাবি সমর্থন করে বলেছেন, ওদের দিল্লিতে ঢুকতে দেওয়া উচিত ছিল। কৃষকদের সমর্থন করে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব বলেছেন, বিজেপি সরকার কৃষকদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই মানেনি। তাই কৃষকদের বিক্ষোভ সংগত।