কৃষক বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৫

ভারতের মধ্য প্রদেশ রাজ্যের মন্দসর জেলায় কৃষকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ফসলের ন্যায্য দাম নির্ধারণ ও ঋণ মওকুফের দাবিতে দেশটির বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ চলছে। গতকাল মঙ্গলবার মন্দসর জেলায় একই দাবিতে কৃষকেরা বিক্ষোভ করলে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কংগ্রেসের ডাকে আজ রাজ্যে বন্ধ চলছে।
প্রতিবেদনে বলা হয়, গুলিতে কৃষক নিহতের ঘটনায় মন্দসর ও পিপলিয়ামান্দি জেলায় কারফিউ জারি করা হয়েছে। কোথাও কোথাও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
আহত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে মুরলি শর্মা নামের এক কৃষক বলেন, ‘আমি দেখেছি, পুলিশের সদস্যরা কৃষকদের আন্দোলনে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে।’ তিনি বলেন, পুলিশের লাঠিপেটায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলেও পুলিশ থামেনি।
ভোপালে বিজেপির রাজ্য প্রধান নন্দকুমার সিং চৌহান বলেন, ‘আমি যত দূর জানি, প্রশাসনই কৃষকদের ওপর গুলি চালিয়েছে।’
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যাঁরা কৃষক আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন, তাঁরা কেউ কৃষক নন। এ ঘটনায় বিচারিক তদন্ত করা হবে। তিনি নিহত কৃষকদের পরিবারপ্রতি এক কোটি রুপি ও আহত বক্তিদের পরিবারপ্রতি পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস কৃষকদের উসকে দিয়েছে। তিনি বলেন, ‘মন্দসরের এ ঘটনা দুর্ভাগ্যজনক। কৃষকদের দাবি পূরণ করা হবে। আমি অনুরোধ করব, তাঁরা যেন কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হন।’ তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ‘সারা দেশে এই সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।’ এ ঘটনায় দলটি রাজ্যে আজ সারা দিন বন্ধ ডেকেছে।