কৃষক হত্যায় গ্রেপ্তার মন্ত্রীপুত্র হাসপাতালে
উত্তর প্রদেশে কৃষকদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া মন্ত্রীপুত্র আশিস মিশ্রকে সরকারি একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর ডেঙ্গু জ্বর হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের গাড়িচাপা দেয় বিজেপি নেতাদের এক গাড়িবহর। সেই ঘটনায় চার কৃষক ও এক সাংবাদিক মারা যান। বহরে থাকা তিনটি গাড়ির একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্রের। নিহত কৃষকদের পরিবারের অভিযোগ, কৃষকদের চাপা দেওয়া এসইউভি গাড়িটির চালকের আসনে ছিলেন আশিস। হত্যা মামলায় নাম ওঠার পাঁচ দিন পর গ্রেপ্তার হন মন্ত্রীপুত্র। তার আগে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তাঁকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
লখিমপুরের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) শৈলেন্দ্র ভাটনগর বলেন, আশিস মিশ্রকে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর ডায়াবেটিসও আছে।
কৃষকদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় আশিস মিশ্রসহ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গাড়িচাপার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করেছেন আশিস। তাঁর দাবি, ঘটনার সময়ে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত দাদাবাড়িতে ছিলেন তিনি। সেদিন সারা দিনই সেখানে ছিলেন বলে দাবি করেছেন এ মন্ত্রীপুত্র।
৯ অক্টোবর গ্রেপ্তার হওয়া আশিস মিশ্রকে ১১ অক্টোবর রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। ১২ অক্টোবর শুরু হওয়া এ রিমান্ডের মেয়াদ শেষ হয় ১৫ অক্টোবর। প্রথম মেয়াদের রিমান্ড শেষ হওয়ার পর তাঁকে লখিমপুর কারাগারে পাঠানো হয়।