কৃষককে হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যে গরু নিয়ে যাওয়ার সময় পেহলু খান (৫৫) নামের একজন কৃষককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ওই এলাকায় গো-সুরক্ষা বাহিনী রাস্তায় রাস্তায় টহল দিয়ে থাকে।
পেহলু খান গত শনিবার রাজ্যের আলওয়ারের এক মহাসড়কে কয়েকটি ট্রাকে গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রায় ২০০ লোক ট্রাকগুলো আটকায় এবং তাঁর ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে গত সোমবার তাঁর মৃত্যু হয়।
পুলিশ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলওয়ারের পুলিশপ্রধান রাহুল প্রকাশ গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা ভিডিও ফুটেজ পরীক্ষা করে গত বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছেন।
পেহলু ও তাঁর সহযোগীরা গরুগুলো পাশের রাজ্যে নিয়ে যাচ্ছিলেন। রাহুল প্রকাশ বলেন, তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন অন্তত পাঁচজনকে চিহ্নিত করতে পেরেছেন। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে দেখা যায়, তাঁদের তিনজন হামলায় সরাসরি জড়িত। পুলিশ তিনজনের বিরুদ্ধেই হত্যা মামলা নথিভুক্ত করেছে। এদিকে গরু পরিবহনের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে রাজস্থান রাজ্য গো-সুরক্ষা আইনে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। গরু আনা-নেওয়ার জন্য কোথাও কোথাও অনুমতি লাগে। বিজেপি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে গো-সুরক্ষা বাহিনী বিভিন্ন মহাসড়কে গবাদিপশু পরিবহনকারী ট্রাক পরিদর্শনের কাজ করছে। রাজস্থানে বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চান্দ কাটারিয়া বলেন, শনিবারের ঘটনায় দুই পক্ষই দায়ী।
পেহলু খানের মৃত্যুর ঘটনায় গতকাল ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে (রাজ্যসভা) ব্যাপক সমালোচনা হয়েছে। বিরোধীদলীয় আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। ভারতে গরুর মাংস খাওয়া বা পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গত দুই বছরে অন্তত ১০ জন মুসলিমকে হত্যা করা হয়েছে।