কৃষকদের সুখ-দুঃখের কথা শুনলেন রাহুল

বাজেট অধিবেশনের প্রথম অর্ধে ‘অজ্ঞাতবাসে’ থাকলেও দ্বিতীয় অর্ধে কৃষি ও কৃষক সমস্যা এবং জমি অধিগ্রহণ অধ্যাদেশের বিরুদ্ধে সংসদে সরব হবেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল শনিবার দিল্লিতে তারই মহড়া হলো।
তুঘলক লেনের বাসভবনে উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশের কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে এসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন উত্তর প্রদেশের আমেথির সাংসদ রাহুল। প্রায় দুই মাস ছুটিতে থাকার পর এটাই ছিল রাহুলের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। আজ রোববার রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে কংগ্রেসের ডাকা কিষান সমাবেশের প্রধান আকর্ষণও তিনি। কৃষক ও কৃষি সমস্যা এবং জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনকে তীব্রতর করে দলকে আবার প্রাসঙ্গিক করে তুলতে রাহুল কীভাবে এগোতে চান, আজই সেই ইঙ্গিত পাওয়া যাবে।
ফেব্রুয়ারির শেষ দিকে সংসদের বাজেট অধিবেশনের ঠিক আগে রাহুল দুই সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলেন ‘আত্মসমীক্ষার’ জন্য। সেই ছুটি কয়েকবার দীর্ঘায়িত হয়। ক্রমে জানাজানি হয় দলকে ঢেলে সাজাতে তাঁর চিন্তাভাবনার সঙ্গে শীর্ষস্থানীয় নেতাদের বিরোধের কথা। মা সোনিয়ার অনুগামীদের সঙ্গে রাহুলের অনুগামীদের বিরোধও প্রকাশ্যে চলে আসে। উত্তরাধিকারের প্রশ্নটির মীমাংসা অতঃপর কীভাবে হয়, সেদিকেই এখন সবার নজর।
রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট এবং সংগঠনের আরেক রাহুল-ঘনিষ্ঠ নেতা হরিপ্রসাদ কৃষক নেতাদের সঙ্গে গতকালের বৈঠকের আয়োজন করেন। কৃষকদের কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সরকার কৃষকদের সমস্যার প্রতি কতটা সহানুভূতিশীল এবং জমি অধিগ্রহণ অধ্যাদেশ কেন কৃষিবিরোধী-এসব নিয়ে আলোচনা হয় বৈঠকে। দুই ঘণ্টার কথাবার্তার পর শচীন পাইলট বলেন, রোববারের সমাবেশ ঐতিহাসিক হতে চলেছে। উত্তর ভারতের রাজ্যগুলো থেকে লাখের বেশি কৃষক যোগ দেবেন এতে।
পশ্চিমবঙ্গের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের পর কৃষিজমি অধিগ্রহণের শতাব্দী-প্রাচীন আইনের বদল ঘটাতে ২০১১ সালে রাহুল সক্রিয় হয়েছিলেন। ১৮৯৪ সালের আইন পাল্টে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে যে নতুন জমি অধিগ্রহণ আইন তৈরি করে, তার পেছনে রাহুলের অবদান ছিল। নির্বাচনী বিপর্যয়ের পর রাহুলের নেতৃত্বে গা ঝাড়া দিয়ে ওঠার ক্ষেত্রে কংগ্রেস সেই জমি ও কৃষক সমস্যাকেই আঁকড়ে ধরতে চাইছে। লোকসভায় নতুন জমি অধিগ্রহণ বিল পাস হলেও সোনিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ বিরোধীরা রাজ্যসভায় বিলটি আটকে দেয়। বাধ্য হয়ে সরকারকে দ্বিতীয়বার পুরোনো অধ্যাদেশ জারি করতে হয়েছে।
বাজেট অধিবেশনের প্রথম পর্বে অজ্ঞাতবাসে থাকায় জমি অধিগ্রহণ বিল নিয়ে রাহুলের কোনো ভূমিকা ছিল না। সোমবার থেকে সংসদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। কংগ্রেস সূত্রের খবর, সংসদের ভেতর ও বাইরে দলকে নেতৃত্ব দিতে রাহুল গান্ধী প্রস্তুত।