রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের আত্মহত্যার ঘটনায় দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হয়েছে দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি ক্ষমা চাইলেন। সংবাদমাধ্যমের কাছে গতকাল শুক্রবার তিনি স্বীকার করলেন, গজেন্দ্র সিং যখন গাছে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন, তখনই তাঁর ভাষণ থামিয়ে দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওই সময়েই আমার সমাবেশ শেষ করে দেওয়া উচিত ছিল।...মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইছি।’
অন্যদিকে এএপি নেতা সাবেক সাংবাদিক আশুতোষও তাঁর মন্তব্যের জন্য অনুতপ্ত। ঘটনার দিন আশুতোষ বলেছিলেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল গাছে উঠে গজেন্দ্রকে টেনে নামানো। ওই মন্তব্য করা ঠিক হয়নি বুঝে গতকাল এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় আশুতোষ কেঁদে ফেলেন।
এদিকে কৃষক গজেন্দ্রর ক্ষুব্ধ ও ব্যথিত পরিবার দিল্লি সরকারের ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা প্রত্যাখ্যান করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবও রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এখনো অব্যাহত। কংগ্রেস গোটা বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। বিজেপি ও এএপির মধ্যেও ‘রাজনৈতিক চর্চা’ অব্যাহত। সবচেয়ে বড় কথা, দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের বিরোধ তীব্রতর হয়ে উঠেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছে, তা প্রধানত এএপি সমর্থক ও নেতাদের বিরুদ্ধে যাচ্ছে। পুলিশ বলছে, দিল্লি সরকার যে তদন্তের নির্দেশ দিয়েছে, তা তারা করতে বাধ্য নয়। তবে স্থানীয় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, সেই তদন্ত দিল্লি পুলিশ করবে। এ অবস্থায় বিজেপি নেতৃত্ব পড়েছে দোলাচলে। জমি অধিগ্রহণ বিল তারা সংসদের এ অধিবেশনেই আনতে বদ্ধপরিকর। ক্ষতিগ্রস্ত চাষিদের আত্মহত্যা নিয়ে দেশজোড়া বিক্ষোভের মুখে সেই বিল আনা ঠিক হবে কি না, তা নিয়ে বিজেপি চিন্তায়।