কে এই হার্দিক প্যাটেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাস আগেও হার্দিক প্যাটেলের নাম কেউ জানত না। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে ভারতের গুজরাটে চলমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলিষ্ঠ ভূমিকা ২২ বছরের এই যুবককে রাতারাতি নায়ক বানিয়ে দিয়েছে। ছবি: এএফপি
দুই মাস আগেও হার্দিক প্যাটেলের নাম কেউ জানত না। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে ভারতের গুজরাটে চলমান আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বলিষ্ঠ ভূমিকা ২২ বছরের এই যুবককে রাতারাতি নায়ক বানিয়ে দিয়েছে। ছবি: এএফপি

দুমাস আগেও হার্দিক প্যাটেলের নাম কেউ জানত না। এখন ভারতের সবখানে তাঁর ছড়িয়ে পড়েছে। গুজরাটে চলমান প্যাটেল আন্দোলনের মাধ্যমে তিনি এখন আলোচনায়। রাতারাতি নেতা বনে গেছেন ২২ বছরের এই যুবক। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। তাঁর বলিষ্ঠ ভূমিকা রাতারাতি তাঁকে নায়ক বানিয়ে দিয়েছে।

প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভে এখন উত্তাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। গত মঙ্গলবার সম্প্রদায়টি আন্দোলনে নামলে তা সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে সেখানে এ পর্যন্ত আটজনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

গুজরাটে মোট জনসংখ্যার ২০ শতাংশ প্যাটেল সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের লোকজন হীরক প্রক্রিয়াজাত করার শিল্পের সঙ্গে যুক্ত। অনেকে হীরকের ব্যবসা বা কৃষিকাজে জড়িত। অর্থনৈতিকভাবে তারা যথেষ্ট প্রভাবশালী। বিক্ষোভকারীদের ভাষ্য, অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠীর (ওবিসি) জন্য কোটার বিধান রাখায় প্যাটেল সম্প্রদায়ের লোকজনকে অসুবিধায় পড়তে হয়। তারা বলছে, ভারতের জটিল সামাজিক কাঠামোতে কোটা প্রথা বিভিন্ন ক্ষেত্রে অন্যদের জন্য বাধা সৃষ্টি করে। কলেজে ভর্তি বা ছোট ও মাঝারি মানের শিল্প প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করতে গেলে এই প্রথার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে এই অসুবিধার মুখোমুখি না হওয়ার জন্য তারা কোটার দাবি জানাচ্ছে।

দাবি আদায়ে সর্বশেষ মঙ্গলবার প্যাটেল সম্প্রদায়ের কয়েক লাখ সদস্য গুজরাটের রাজ্যের প্রধান শহর আহমেদাবাদে জড়ো হয়। সেখানে হার্দিক প্যাটেল অনশনে বসেন। রাতে তাঁকে অনশন মঞ্চ থেকে ধরে নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ওপর চলে পুলিশের নির্বিচার লাঠিপেটা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। পরে পুলিশ তাঁকে ছেড়ে দিলেও পরিস্থিতি সামাল দিতে পারেনি।

বাণিজ্যে স্নাতক হার্দিক আহমেদাবাদের এক গ্রামে তাঁর ক্ষুদ্র ব্যবসায়ী বাবাকে সহায়তা করেন। তিনি নিজের সম্প্রদায়ভিত্তিক পতিদার আনামত আন্দোলন সমিতির (পিএএএস) আহ্বায়ক। তিনি মনে করেন, প্রচলিত ওবিসির কারণে প্যাটেলরা উন্নয়নের দৌড় থেকে পিছিয়ে পড়ছে। তাঁর যুক্তি, প্যাটেল সম্প্রদায়ের কোনো ছাত্র ৯০ শতাংশ নম্বর পেলেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না। অথচ ওবিসি কোটাধারীরা ৪৫ শতাংশ নম্বর পেয়েই মেডিকেল কলেজের শিক্ষার্থী হতে পারে। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, তিনি ওবিসি কোটার বিরুদ্ধে নন, তিনি শুধু নিজের সম্প্রদায়কে এই কোটায় অন্তর্ভুক্ত করতে চান।

প্যাটেল সম্প্রদায়ের যুব সংগঠন সর্দার প্যাটেল গ্রুপের (এসপিজি) একজন সদস্য ছিলেন হার্দিক। তিনি এই সংগঠনটির বিরামগাম ইউনিটের সভাপতিও ছিলেন। এখন অবশ্য তিনি কোনো পদে নেই। কিন্তু নিজের সম্প্রদায়কে ওবিসি কোটাভুক্ত করার ব্যাপারে জনমত গঠনে তিনি কাজ করেছেন। তিনি যে বেশ সফলভাবেই কাজটি করেছেন, গত মঙ্গলবারের জমায়েত সে কথাই বলে।

তবে বিশ্লেষকেরা বলছেন, দাবি আদায়ে প্যাটেল সম্প্রদায়ের লোকজন রাজ্যের বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে সমাবেশ করেছে। সেখানে নেতা হিসেবে হার্দিক অতটা আলোচিত ছিলেন না। পুলিশ ওই সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে পারলেও গত মঙ্গলবারের আন্দোলনটি সেভাবে মোকাবিলা করতে পারেনি। হঠাৎ করেই আন্দোলন মঞ্চ থেকে তরুণ নেতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সমবেত হাজার হাজার মানুষকে উত্তেজিত করে তোলে। জনতা ক্ষুব্ধ হয়ে সহিংস আচরণ করেছে। মাঝখানে পুলিশের ভুল পদক্ষেপ হার্দিককে বড় এক নায়ক বানিয়ে দিয়েছে। 
তবে বিষয়টি যা-ই হোক না কেন, অধিকারের জন্য আন্দোলন করে সাধারণ থেকে অসাধারণ বনে যাওয়া আন্না হাজারে বা কেজরিওয়ালের পাশে ঠাঁই করে নিয়েছেন হার্দিক প্যাটেলও। টাইমস অব ইন্ডিয়া অনলাইন অবলম্বনে