কে পাবে জয়ললিতার শত কোটি রুপির সম্পদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা গত মে মাসে নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় ঘোষণা দিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৫৮৬ রুপি। এর মধ্যে অস্থাবর সম্পত্তি ৪১ কোটি রুপির এবং স্থাবর সম্পত্তি ৭২ কোটির।
অস্থাবর সম্পত্তির মধ্যে আছে ২১ কেজির কিছু বেশি সোনা ও ১২৫০ কেজি রুপার গয়না, নগদ ৪১ হাজার রুপি আর ব্যাংক হিসাবে ১০ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ৯৪৫ রুপি। বিভিন্ন কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার আর বন্ড মিলিয়ে বিনিয়োগ প্রায় সাড়ে ২৭ কোটি রুপি। এ ছাড়া দুটি টয়োটা প্রাডো এসইউভিসহ মোট নয়টি গাড়িও আছে জয়ললিতার।
স্থাবর সম্পত্তির মধ্যে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো চেন্নাইয়ের পোজ গার্ডেন এলাকায় ২৪ হাজার বর্গফুট জুড়ে বাংলোটি। এটির বাজারদর প্রায় ৪৪ কোটি রুপি। জয়ললিতার নামে চারটি ব্যবসায়িক কমপ্লেক্স, আঙুরের বাগান এবং চাষের খেতও আছে।
প্রশ্ন উঠেছে, হলফনামার বাইরে জয়ললিতার আর কত সম্পদ আছে এবং এই বিপুল পরিমাণ সম্পদের উত্তরাধিকারীই বা কে হবেন? তিনি কোনো দানপত্র করে যাননি। জয়ললিতার ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে আছে। তবে তাঁদের জয়ললিতার মরদেহের কাছে ঘেঁষতে দেননি তাঁর দীর্ঘদিনের বান্ধবী শশীকলা। সম্প্রতি দুই বান্ধবীর মধ্যে চরম বিবাদ হলেও জয়ললিতা হাসপাতালে ভর্তির পর থেকে শশীকলাকেই দেখা গেছে সবকিছু নিয়ন্ত্রণ করতে। তিনিও সম্পত্তির মালিক হতে পারেন বলে কারও কারও ধারণা।