কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রী চিন্ময়ের ৮৫তম জন্মবার্ষিকীর কেকের ওপর জ্বলছে ৭২ হাজার ৫৮৫টি মোমবাতি। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে নেওয়া
শ্রী চিন্ময়ের ৮৫তম জন্মবার্ষিকীর কেকের ওপর জ্বলছে ৭২ হাজার ৫৮৫টি মোমবাতি। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে নেওয়া

ভারতের আধ্যাত্মিক নেতা ও যোগগুরু প্রয়াত শ্রী চিন্ময়ের জন্মবার্ষিকীর কেকের ওপর সর্বাধিকসংখ্যক মোমবাতি জ্বালিয়ে তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লেখানো হয়েছে।

আজ বুধবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শ্রী চিন্ময় সেন্টারে এই যোগগুরুর ৮৫তম জন্মবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। ১০০ জন কর্মীর একটি দল ওই কেকটি তৈরি করে। পরে কেকের ওপর ৭২ হাজার ৫৮৫টি মোমবাতি বসিয়ে তা জ্বালানো হয়। পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার জন্য মোমবাতিগুলো মাত্র ৪০ সেকেন্ড জ্বালিয়ে রাখা হয়।

প্রতিবেদনে বলা হয়, কেকের ওপর বিপুলসংখ্যক মোমবাতি প্রজ্বালনের কারণে তা স্বাভাবিকভাবে ফুঁ দিয়ে নেভানো যাচ্ছিল না। এ কারণে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড দিয়ে তা নেভানো হয়। পরে কেকের পাশ থেকে গলে পড়া মোমগুলো চেঁছে তুলে ফেলা হয়। তবে এতে কেকের স্বাদের কোনো হেরফের হয়নি বলে নিশ্চিত করেছে আয়োজকেরা।

একযোগে প্রজ্বালন করা হচ্ছে মোমবাতি। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে নেওয়া
একযোগে প্রজ্বালন করা হচ্ছে মোমবাতি। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে নেওয়া

চিন্ময় কুমার ঘোষ ‘যোগগুরু শ্রী চিন্ময়’ নামে পরিচিত। তিনি ১৯৬৪ সালে নিউইয়র্কে গিয়ে যোগ শিক্ষা দেওয়া শুরু করেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার মাইক’স হার্ড লেমেনেডের কেকের ওপর ৫০ হাজার ১৫১টি মোমবাতি জ্বালিয়ে তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা হয়। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল শ্রী চিন্ময়ের জন্মবার্ষিকীর কেক।